
হাল ফ্যাশন ডেস্ক
টিলডা সুইনটন সচরাচর কোনো চলচ্চিত্র উৎসব মিস করেন না। কিন্তু এবার ভেনিস চলচ্চিত্র উৎসবের শুরু থেকে তাঁর অনুপস্থিতি সবাইকে ভাবিয়ে তুলছিল। বিশেষ করে ফ্যাশনপ্রেমী ও সমালোচকদের। কারণ, টিলডা মানেই রেড কার্পেটে শক্তিশালী ফ্যাশন স্টেটমেন্ট। শেষমেশ উৎসবের অষ্টম দিনে তাঁর দেখা পাওয়া গেল। নিজের লুক দিয়ে বরাবরের মতোই সবাইকে তাক লাগিয়ে দিলেন।
এ উৎসব উপলক্ষে ৬১ বছর বয়সী স্কটিশ অভিনেত্রী তাঁর চুল রাঙিয়েছেন নিয়ন হলুদ রঙে। এভাবে তিনি চলমান রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ করেন। তাঁর অভিনীত ‘দ্য ইটার্নাল ডটার’ সিনেমার জন্য আয়োজিত ফটোকলে তিনি এসেছিলেন লইভের নীল পিনস্ট্রাইপ বাটন-ডাউন শার্ট ও স্ট্রাইপ চেরি রেড ট্রাউজার পরে। সংবাদ সম্মেলন তিনি বলেন, ‘এটা আমার জন্য সম্মানের যে আমি ইউক্রেনের পতাকার অর্ধেক পরেছি।’
রাতে সিনেমার প্রিমিয়ারের রেড কার্পেটে টিলডা সুইনটনকে দেখা গেছে, লাইলাক রঙের ফুল স্লিভ স্লিংকি গাউনে। গাউনের পুরোটায় ছিল সিকুইনের কাজ। এই ড্রেস টিলডার জন্য ডিজাইন করেন তাঁরই প্রিয় ডিজাইনার হায়দার আকারম্যান। এর আগে অনেক বড় বড় ইভেন্টে টিলডা আকারম্যানের ডিজাইন করা পোশাক পরেছেন। পায়ে ছিল একই রঙের উঁচু পাম্প শু। কান ও গলা খালি রেখে শুধু হাতে পরেন স্টেটমেন্ট ইয়ার রিং। সবকিছু ছাপিয়ে এই লুকে নজর কেড়েছে তাঁর ফো হোক হেয়ারস্টাইল।
ছবি: রয়টার্স