
অপ্রিয় সত্য হচ্ছে, তারকাদের সংসার আজকাল বড়ই ঠুনকো। অনেক জনপ্রিয় তারকা জুটিকে যেতে হয় অত্যন্ত যন্ত্রণাময় বিচ্ছেদের মধ্য দিয়ে। তাই আজকাল তারকাদের মধ্যে বিবাহ-পূর্ববর্তী চুক্তিপত্রে লেখাপড়া করে নেওয়া হয় বিচ্ছেদ হলে কে কী পাবেন। সদ্যবাগদত্তা জর্জিনা রড্রিগেজ আর ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও সেই পথেই হাঁটলেন।

এমনিতেই রোনালদো বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়া তারকাদের একজন। জর্জিনাও নিজের জগতে এক ডাকসাইটে মডেল। বিলিয়নিয়ার রোনালদো তার পরেও বেশ ভালোই বিষয়-সম্পত্তি তাঁর নামে লিখে দেওয়ার অঙ্গীকার করেছেন, যদি এই জুটির ডিভোর্স হয়। বছরে ২২৫ মিলিয়ন ডলার কামান রোনালদো। তাই সেভাবেই হয়েছে এই চুক্তি।
পর্তুগালের গুইয়া সাময়িকীর বরাতে জানা গিয়েছে, যদি বিচ্ছেদ হয়েই যায়, রোনালদো সারা জীবন জর্জিনাকে মাসে ১ লাখ ১৪ হাজার মার্কিন ডলার করে মাসোহারা দেবেন। মাদ্রিদের লা ফিন্সা ডিস্ট্রিক্টে রোনালদোর ম্যানসনটিও পাবেন জর্জিনা। ২০১০ সালে এই ফুটবল তারকা বাড়িটি কেনেন ৫.৬৪ মিলিয়ন ডলার খরচ করে।

শুনতে খুব অস্বস্তি হলেও আসলে এটাই বাস্তবতা। তারকারা অনেকেই দেউলিয়া হয়েছেন ডিভোর্সের পরে। তাই এমন চুক্তি এখন প্রায়ই করা হয় তারকাদের বিয়ের আগে। কিছুদিন আগে টেক বিলিয়নিয়ার, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন জেফ বেজোসের বিয়ের আগেও তিনি স্ত্রী লরেন সানচেজের সঙ্গে এমন এক চুক্তি করেছিলেন।
সূত্র: দ্য মিরর
ছবি: ইন্সটাগ্রাম