বলিউড তারকাদের পছন্দের সুগন্ধি
শেয়ার করুন
ফলো করুন

বলিউড তারকাদের সুগন্ধিপ্রেম অনেক। অন্য সবার মতো তাঁরাও নিজেদের ব্যক্তিত্বের সঙ্গে মিলিয়েই সুগন্ধি বেছে নিতে পছন্দ করেন। জানা যাক পছন্দের বলিউড তারকাদের প্রিয় সুগন্ধির গল্প—

শাহরুখ খান মাখেন একসঙ্গে দুটি সুগন্ধি

বলিউডের কিং শাহরুখ খানের সুগন্ধিপ্রীতির কথা অনেকেরই অজানা। এই তারকার সংগ্রহে রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সুগন্ধি। তবে মাত্র দুটি ব্র্যান্ডের সুগন্ধি শাহরুখ খান সবচেয়ে বেশি ব্যবহার করেন। সে দুটি হলো ডানহিল ও ডিপ্টিক। শাহরুখ খান কিন্তু কখনো একটি সুগন্ধি মাখেন না। এই দুটি সুগন্ধি একসঙ্গে ব্যবহার করেন।

বিজ্ঞাপন

দীপিকা, ক্যাটরিনা, পরিণীতির পছন্দ একই সুগন্ধি

আমেরিকান ফ্যাশন ব্র্যান্ড নারসিসো রড্রিগেজ তাদের সুগন্ধির জন্যও বেশ সুপরিচিত। এই ব্র্যান্ডের একটি জনপ্রিয় সুগন্ধি ‘নারসিসো রড্রিগেজ ফর হার’। সুন্দর গোলাপি বোতলের এই পারফিউমে মজেছেন অনেক শীর্ষ সারির বলিউড অভিনেত্রী। তাঁদের মধ্যে আছেন দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ ও পরিণীতি চোপড়া। জানা যায়, তাঁরা প্রায় প্রতিদিনই এই সুগন্ধি ব্যবহার করেন।

বিজ্ঞাপন

রণবীর সিংয়ের প্রিয় অ্যাটকিনসন্স ১৭৯৯

কোয়ার্কি স্টাইলের জন্য খ্যাত বলিউড তারকা রণবীর সিং একবার তাঁর ইনস্টাগ্রামে ভক্তদের কাছে নিজের পছন্দের পারফিউমের নাম প্রকাশ করেন। সেটা হলো অ্যাটকিনসন্স ১৭৯৯ ঔড সেভ দ্য কুইন। বিশ্বের সবচেয়ে পুরোনো সুগন্ধি ব্র্যান্ডের মধ্যে অন্যতম হলো অ্যাটকিনসন্স ১৭৯৯। লন্ডনভিত্তিক এই ব্র্যান্ডের বিখ্যাত সুগন্ধি হলো ঔড সেভ দ্য কুইন। এতে রয়েছে জাফরান ও স্মোকি চামড়ার তীব্র সুবাস। রণবীর সিং যেকোনো বিশেষ উপলক্ষেই এই সুগন্ধি মাখেন।

সোনম কাপুরের পরিবেশবান্ধব সুগন্ধি

সুইডেনভিত্তিক ব্র্যান্ড বাইরেডো লিঙ্গ নিরপেক্ষ সুগন্ধি এবং এর মিনিমাল ও পরিবেশবান্ধব প্যাকেজিংয়ের জন্য বেশ সুনাম কুড়িয়েছে। এই ব্র্যান্ডের সর্বাধিক বিক্রীত সুগন্ধি হলো জিপসি ওয়াটার। বলিউডের অন্যতম স্টাইল আইকন সোনম কাপুরের সবচেয়ে পছন্দের পারফিউম হলো এটি। এতে রয়েছে চন্দন, ভ্যানিলা, লেবুর সুবাসের এক অনবদ্য সংমিশ্রণ।

সারা আলী খানের প্রিয় বিখ্যাত শ্যানেল নম্বর ৫

বিশ্বের সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় সুগন্ধি হলো শ্যানেল নম্বর ফাইভ। ফরাসি ব্র্যান্ড শ্যানেলের প্রতিষ্ঠাতা কোকো শ্যানেল স্বয়ং নিজে এই পারফিউম তৈরিতে বিশেষ ভূমিকা রেখেছেন। মেরিলিন মনরো রাতে এই সুগন্ধি মেখে ঘুমাতেন শুনে এর বিক্রি বেড়ে গিয়েছিলো। বলিউডের নবাবনন্দিনী সারা আলী খানেরও প্রিয় এই ক্ল্যাসিক সুগন্ধি। পিকক ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে সারা আলী খান জানান, পারফিউমের সুবাস তাঁকে তাঁর মায়ের কথা স্মরণ করিয়ে দেয়। এ জন্যই শ্যানেল নম্বর ফাইভ তাঁর এত প্রিয়।

তথ্যসূত্র: ভোগ ইন্ডিয়া

ছবি: ইন্সটাগ্রাম হ্যান্ডল ও ওয়েবসাইট

প্রকাশ: ০৯ জুন ২০২৩, ০৮: ০০
বিজ্ঞাপন