পার্টি থেকে ডেট নাইট, এক মেকআপেই বাজিমাত: জাহ্নবীর মতো সান-কিসড লুক পাবেন যেভাবে
শেয়ার করুন
ফলো করুন

জাহ্নবী কাপুরের এই মেকআপ লুকের মূল আকর্ষণ ত্বকের উষ্ণ আভা, হালকা স্মোকি চোখ আর ক্যারামেল-বাদামি ঠোঁট। সঙ্গে ঘন, কালো ঢেউখেলানো চুল পুরো সাজে যোগ করেছে বাড়তি গ্ল্যামার। তবে এই লুকের সৌন্দর্য শুধু প্রসাধনীতে নয়, বরং রং ও শেডের সঠিক সমন্বয়ে।

১. শুরুটা হোক ত্বকের যত্ন দিয়ে

সুন্দর মেকআপের প্রথম ধাপ ত্বক প্রস্তুত করা। নিজের ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর প্রয়োজন বুঝে প্রাইমার ব্যবহার করতে পারেন।

ত্বকে স্বাভাবিক উজ্জ্বলতা আনতে ম্যাক স্টুডিও রেডিয়্যান্স সিরাম-পাওয়ার্ড ফাউন্ডেশন ব্যবহার করা যেতে পারে। তুলনামূলক কম দামের বিকল্প হিসেবে রয়েছে মেবেলিন ফিট মি ম্যাট + পোরলেস ফাউন্ডেশন। প্রথমটি উজ্জ্বল ফিনিশের জন্য উপযোগী, অন্যটি তুলনামূলক কম চকচকে বেস তৈরি করতে সাহায্য করে।

ফাউন্ডেশন একবারে বেশি না নিয়ে অল্প করে মুখের মাঝখানে লাগান। তারপর বাইরের দিকে ভালোভাবে ব্লেন্ড করুন। চোখের নিচে বা মুখের যেসব স্থানে কালচে দাগ রয়েছে, শুধু সেখানেই কনসিলার ব্যবহার করুন। লক্ষ্য হবে ত্বকের রং সমান করা, স্বাভাবিক বৈশিষ্ট্য পুরোপুরি ঢেকে দেওয়া নয়।

২. ব্রোঞ্জারে আনুন সান-কিসড আভা

এই মেকআপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ব্রোঞ্জার। কপালের দুই পাশ, কপালের প্রান্ত, গালের হাড়ের নিচের অংশ এবং চোয়ালের রেখায় উষ্ণ বাদামি শেডের ব্রোঞ্জার হালকা করে লাগান। এরপর ভালোভাবে ব্লেন্ড করে নিন, যাতে ত্বকে আলাদা কোনো রেখা দেখা না যায়।

উচ্চমূল্যের পণ্যের মধ্যে রয়েছে শার্লট টিলবেরি এয়ারব্রাশ ব্রোঞ্জার। তুলনামূলক সাশ্রয়ী বিকল্প হিসেবে সুইস বিউটির আল্ট্রা ব্লাশ প্যালেট থেকেও উপযুক্ত উষ্ণ শেড বেছে নেওয়া যায়।

তবে ব্রোঞ্জার ব্যবহারে সংযম জরুরি। মুখের স্বাভাবিক গড়ন ফুটিয়ে তোলাই উদ্দেশ্য, ত্বককে অতিরিক্ত গাঢ় করে ফেলা নয়।

বিজ্ঞাপন

৩. গালে পিচি-পিঙ্ক ব্লাশ, হালকা হাইলাইটার

গালে সতেজ আভা আনতে বেছে নিন পিচ ও গোলাপি রঙের মাঝামাঝি কোনো ব্লাশ। গালের উঁচু অংশে অল্প ক্রিম ব্লাশ লাগিয়ে কানের দিকের ওপরের অংশে ব্লেন্ড করুন। এতে মুখে স্বাভাবিক সতেজতা আসবে।

রেয়ার বিউটির সফট পিঞ্চ লিকুইড ব্লাশ ব্যবহার করতে পারেন। এতে রঙের তীব্রতা বেশি হওয়ায় অল্প পরিমাণ দিয়ে শুরু করাই ভালো। তুলনামূলক সাশ্রয়ী বিকল্প হিসেবে রয়েছে কে বিউটি ম্যাট ব্লাশ।

এরপর গালের হাড়ের ওপর, নাকের সেতুতে এবং চোখের ভেতরের কোণে সামান্য হাইলাইটার লাগান। খুব বেশি ঝিকিমিকি নয়, বরং সূক্ষ্ম উজ্জ্বলতাই এই সাজের সৌন্দর্য বাড়াবে।

৪. গোলাপি চোখে হালকা স্মোকি ছোঁয়া

চোখের পাতায় ব্যবহার করুন সফট পিঙ্ক বা ডাস্টি রোজ শেড। এরপর চোখের ভাঁজে ও বাইরের কোণে ম্যাট মাঝারি বাদামি আইশ্যাডো লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। চোখের ওপরের পাপড়ির গোড়ায় গাঢ় বাদামি শেড হালকা করে মিশিয়ে নিলে চোখে আসবে কোমল স্মোকি ভাব।

এই সাজে খুব ধারালো বা গ্রাফিক আইলাইনারের প্রয়োজন নেই। বরং চোখের স্বাভাবিক গড়নকে ফুটিয়ে তোলাই মূল লক্ষ্য।

হুদা বিউটির ন্যুড অবসেশনস আইশ্যাডো প্যালেটে গোলাপি ও বাদামি শেডের সমন্বয় পাওয়া যায়। তুলনামূলক কম দামের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন মেবেলিন দ্য ন্যুডস আইশ্যাডো প্যালেট।

চোখের সাজ সম্পূর্ণ করতে আইল্যাশ কার্লার দিয়ে পাপড়ি বাঁকিয়ে নিন। এরপর ভলিউমাইজিং মাসকারার দুই কোট লাগান। ভ্রু খুব বেশি গাঢ় না করে ব্রাশ দিয়ে আঁচড়ে নিয়ে ফাঁকা অংশে হালকা করে রং ভরুন।

বিজ্ঞাপন

৫. ক্যারামেল-ন্যুড ঠোঁটে গ্লসি ফিনিশ

জাহ্নবীর এই লুকের আরেকটি আকর্ষণ ঠোঁটের উষ্ণ বাদামি আভা ও চকচকে ফিনিশ। প্রথমে ন্যুড-ব্রাউন লিপ লাইনার দিয়ে ঠোঁটের আকৃতি এঁকে নিন। রেখা যেন খুব স্পষ্ট না থাকে, তাই রংটি ঠোঁটের ভেতরের দিকে হালকা করে ব্লেন্ড করুন।

এরপর ক্যারামেল বা রোজি-ব্রাউন শেডের লিপস্টিক লাগিয়ে ওপর থেকে লিপ গ্লস ব্যবহার করুন। এতে ঠোঁট দেখাবে পূর্ণ ও উজ্জ্বল।

ম্যাকের স্পাইস লিপ পেন্সিলের সঙ্গে ভেলভেট টেডি লিপস্টিক ব্যবহার করতে পারেন। সাশ্রয়ী বিকল্প হিসেবে বেছে নিতে পারেন নিজের ত্বকের রঙের সঙ্গে মানানসই মেবেলিন কালার সেনসেশনাল ক্রিমি ম্যাট লিপস্টিক এবং তার ওপর মেবেলিন লিফটার গ্লস।

৬. মেকআপ দীর্ঘক্ষণ সতেজ রাখুন

মেকআপের শেষ ধাপে মুখের যে অংশগুলোতে তেলতেলে ভাব বেশি দেখা যায়, যেমন নাকের দুই পাশ, কপালের মাঝখান ও চোখের নিচে, সেখানে অল্প ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহার করুন। তবে গালের উজ্জ্বল অংশে অতিরিক্ত পাউডার না দেওয়াই ভালো।

সবশেষে সেটিং স্প্রে ব্যবহার করুন। এতে মেকআপের বিভিন্ন স্তর একসঙ্গে মিশে আরও স্বাভাবিক দেখাতে পারে।

জাহ্নবীর লুকের সঙ্গে মানানসই ঘন, মাঝখানে সিঁথি করা ঢেউখেলানো চুল সাজে যোগ করেছে বাড়তি আকর্ষণ। তবে একই মেকআপের সঙ্গে স্লিক পনিটেল, খোলা কার্ল বা অগোছালো খোঁপাও মানিয়ে যাবে।

দিনের সাজ থেকে সন্ধ্যার পার্টি

সান-কিসড মেকআপের বিশেষত্ব হলো, এটি অতিরিক্ত ভারী না হয়েও আকর্ষণীয় দেখায়। ত্বকে উষ্ণ আভা, চোখে গোলাপি-বাদামি রং আর ঠোঁটে গ্লসি ন্যুড শেড এই তিনের সমন্বয়েই তৈরি হয় জাহ্নবী কাপুরের গোল্ডেন-গার্ল গ্ল্যাম।

ব্রাঞ্চ, ডেট নাইট কিংবা বিয়ের দাওয়াত পোশাক ও অনুষঙ্গ বদলে এই সাজ বিভিন্ন আয়োজনে মানিয়ে নেওয়া যায়। তবে নিজের ত্বকের ধরন, রং ও পছন্দ অনুযায়ী প্রসাধনী বেছে নিলেই মিলবে সবচেয়ে স্বাভাবিক ও সুন্দর ফল।

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৮: ০০
বিজ্ঞাপন