
ব্রাজিল ও লিভারপুলের তারকা গোলরক্ষক আলিসন বেকার এই সময়ের অন্যতম সফল গোলকিপার। দুর্দান্ত রিফ্লেক্স, নিখুঁত পজিশনিং এবং চাপের মুহূর্তে অসাধারণ স্থিরতা তাকে বিশ্বের সেরাদের কাতারে জায়গা করে দিয়েছে। আর এই ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে নিয়মতান্ত্রিক জীবনযাপন, সুষম খাদ্যাভ্যাস, কঠোর অনুশীলন এবং শরীরের প্রতি বিশেষ যত্ন।
আলিসনের দিনের শুরুই হয় পর্যাপ্ত পানি পান করার মাধ্যমে। অনেক সময় এর সঙ্গে থাকে ভেষজ চা, যা শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। একজন পেশাদার ফুটবলারের জন্য সঠিক হাইড্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শরীরে পানির ঘাটতি হলে মনোযোগ, প্রতিক্রিয়ার গতি এবং শারীরিক সক্ষমতা। সবকিছুর ওপরই নেতিবাচক প্রভাব পড়ে।

সকালের খাবারে আলিসন সাধারণত ওটস, দই এবং বিভিন্ন ধরনের তাজা ফল রাখেন। কিউইসহ মৌসুমি ফল তার খাদ্যতালিকার নিয়মিত অংশ। এই খাবারগুলো ধীরে ধীরে শরীরে শক্তি জোগায় এবং দীর্ঘ সময় কর্মক্ষম থাকতে সাহায্য করে। পাশাপাশি প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ও খনিজ উপাদানেরও ভালো উৎস।

অনুশীলনের পর শরীরের পেশি পুনর্গঠনের জন্য প্রয়োজন উচ্চমানের প্রোটিন। তাই আলিসনের মধ্যাহ্নভোজে থাকে চর্বিহীন মাংস, মাছ কিংবা অন্যান্য প্রোটিনসমৃদ্ধ খাবার। এর সঙ্গে থাকে স্বাস্থ্যকর চর্বি এবং পরিমিত কার্বোহাইড্রেট, যা শরীরকে দ্রুত শক্তি ফিরিয়ে দিতে সাহায্য করে।
কঠোর ডায়েট মেনে চললেও নিজের দেশের ঐতিহ্যবাহী খাবার থেকে দূরে থাকেন না আলিসন। সুযোগ পেলেই পরিবারের সঙ্গে উপভোগ করেন ব্রাজিলের জনপ্রিয় ‘চুরাস্কো’ বারবিকিউ, যার সঙ্গে পরিবেশন করা হয় সুস্বাদু চিমিচুরি সস। তবে একজন পেশাদার ক্রীড়াবিদ হিসেবে খাবারের পরিমাণ ও ভারসাম্যের বিষয়ে তিনি সবসময় সচেতন থাকেন।

একজন গোলরক্ষকের অনুশীলন অন্য পজিশনের খেলোয়াড়দের থেকে অনেকটাই ভিন্ন। আলিসনের প্রশিক্ষণে সবচেয়ে বেশি গুরুত্ব পায় দ্রুত প্রতিক্রিয়া, লাফ দেওয়ার ক্ষমতা, ভারসাম্য এবং শরীরের নিয়ন্ত্রণ।
নিয়মিত ডাইভিং ড্রিল, ক্যাচিং অনুশীলন এবং ম্যাচ পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার অনুশীলন তার রুটিনের অংশ। কখন গোললাইন ছেড়ে এগিয়ে আসতে হবে কিংবা কখন প্রতিপক্ষের আগে বলের কাছে পৌঁছাতে হবে—এসব বিষয়েও তিনি নিয়মিত কাজ করেন।

গোলরক্ষকদের জন্য শক্তিশালী পা, কোর এবং কাফ মাংসপেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত ঝাঁপ দেওয়া, হঠাৎ দিক পরিবর্তন করা কিংবা কর্নার থেকে আসা বল প্রতিহত করার জন্য শরীরকে সবসময় প্রস্তুত রাখতে হয়। এ কারণে জিমে আলিসনের অনুশীলনের বড় অংশজুড়ে থাকে লোয়ার বডি স্ট্রেন্থ, কোর স্ট্যাবিলিটি এবং ব্যালান্স উন্নত করার ব্যায়াম।
ফুটবলে চোট অবশ্যম্ভাবী। তবে আলিসনের বিশেষত্ব হলো, ইনজুরির সময়ও তিনি পুনর্বাসন প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেন। হ্যামস্ট্রিং বা পেশির সমস্যায় ভুগলেও ফিজিওথেরাপিস্টদের তত্ত্বাবধানে নিয়মিত রিহ্যাব সেশন চালিয়ে যান। প্রয়োজন হলে দিনে একাধিক পুনর্বাসন সেশনও করেন, যাতে দ্রুত এবং নিরাপদভাবে মাঠে ফেরা যায়।

আলিসনের কাছে ফিটনেস মানেই শুধু কঠোর অনুশীলন নয়। পর্যাপ্ত ঘুম, স্ট্রেচিং, ম্যাসাজ এবং রিকভারি সেশনও তার দৈনন্দিন রুটিনের গুরুত্বপূর্ণ অংশ। অনুশীলনের পর প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ শেক বা স্মুদি শরীরকে দ্রুত পুনরুদ্ধারে সহায়তা করে।

আলিসন বেকারের ফিটনেসের রহস্য কোনো জাদুকরি ডায়েট বা একদিনের কঠোর অনুশীলনে লুকিয়ে নেই। বরং সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত প্রশিক্ষণ, পর্যাপ্ত বিশ্রাম এবং প্রতিদিন নিজেকে আরও ভালো করার মানসিকতাই তাকে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষকে পরিণত করেছে।
গোলপোস্টের নিচে তার আত্মবিশ্বাসী উপস্থিতি মনে করিয়ে দেয় সফলতা কখনোই হঠাৎ আসে না। শৃঙ্খলা, ধারাবাহিকতা এবং নিজের শরীরের প্রতি যত্নই একজন ক্রীড়াবিদকে দীর্ঘ সময় সেরাদের কাতারে ধরে রাখে।