
আন্তর্জাতিক ফুটবলের একদম শেষ অধ্যায়ের পথে লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের ক্যাম্পে শেষবারের মতো যোগ দিতে বুয়েনস এইরেসে এসে পৌঁছেছেন ফুটবলের এই জীবন্ত কিংবদন্তি। মাঠের বাইরেও তাই তাঁর এই আগমন হয়ে উঠেছে আলোচনার বিষয়। বিশেষ করে মেসির সাদামাটা অথচ বিলাসবহুল স্ট্রিটস্টাইল লুকটি নজর কেড়েছে সবার।

তাঁর এই ড্যাশিং লুকের ছবি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। ছবিগুলো দেখলে মনে হয়, নিজের স্বতন্ত্র অরা দিয়ে যেন দ্যুতি ছড়াচ্ছেন মেসি।
মেসির পরনে ফরাসি বিলাসবহুল ফ্যাশন হাউস দিওরের ফরেস্ট গ্রিন রঙের বোম্বার জ্যাকেট।

জ্যাকেটটিতে কালো ক্ল্যাসিক লেদার কলার ও স্ন্যাপ বোতাম আছে । এতে পুরো লুকে এসেছে রেট্রো-স্পোর্টি আবহ। লেয়ারিং করা এই জ্যাকেটের নিচে তিনি পরেছেন অ্যাডিডাসের হালকা বেইজ ক্রুনেক টি-শার্ট।

গাঢ় সবুজের সঙ্গে হালকা রঙের টি-শার্টের এই সমন্বয় মেসির লুকে তৈরি করেছে আলাদা আকর্ষণ। বটমেও ফুটে উঠেছে সাদামাটা অথচ বিলাসবহুল স্টাইলের ছোঁয়া।

ফরাসি ব্র্যান্ড ইভ সাঁ লরাঁর ফেডেড ডার্ক গ্রে রঙের ঢিলেঢালা স্ট্রেইট-লেগ ডেনিম জুটি হয়েছে লুকে ।
পায়ে পরতে মেসি বেছে নিয়েছেন একই ব্র্যান্ডের এসএল/৬১ মডেলের লো-টপ স্নিকার। মসৃণ সাদা চামড়ার এই স্নিকারে থাকা গাঢ় সবুজের ডিটেইল মিলে গেছে তাঁর জ্যাকেটের রঙের সঙ্গে। ফলে পুরো লুকে তৈরি হয়েছে রঙের সুন্দর সামঞ্জস্য। চোখে কালো সানগ্লাস যোগ করে ক্যাজুয়াল লুকটিতে স্টাইলের ছোঁয়াও রেখেছেন তিনি।
তবে মেসির এই আগমন শুধু ফ্যাশনের জন্যই আলোচনায় নয়। আর্জেন্টিনার হয়ে এটিই তাঁর শেষ উপস্থিতি। ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে শেষবারের মতো জাতীয় দলের হয়ে মাঠে নামবেন এই কিংবদন্তি ফুটবলার।

২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেকের পর দেশের হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল ও ৬৮টি অ্যাসিস্ট করেছেন তিনি। শেষ আন্তর্জাতিক অধ্যায়ের দ্বারপ্রান্তে মেসির এই আগমন তাই ছুঁয়ে গেছে আবেগের পাশাপাশি ফ্যাশনপ্রেমীদের নজরও।
ছবি: মেসির ইন্সটাগ্রাম