
এক দশক পর আবারও কান্ট্রি মিউজিক অ্যাসোসিয়েশন (সিএমএ) অ্যাওয়ার্ডসের লালগালিচায় ফিরেছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। ২০২৬ সালের এই আয়োজনে তাঁর উপস্থিতি ছিল বেশ আলোচিত। এক সন্ধ্যায় তিনটি ভিন্ন লুকে দেখা গেছে তাঁকে। প্রতিটি পোশাকেই ছিল আলাদা আবেদন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে অনুষ্ঠিত হয় সিএমএর ৬০তম আসর। আয়োজনে বর্ষসেরা একক গানের বিভাগে মনোনয়ন পেয়েছিলেন টেইলর। ২০১৬ সালের পর এই প্রথম সিএমএর আয়োজনে ফিরলেন তিনি। লালগালিচায় তাঁর পোশাকের দায়িত্বে ছিল অস্কার দে লা রেন্তা। পরে মঞ্চে সংগীত পরিবেশনা ও পুরস্কার উপস্থাপনার সময়ও পোশাক বদলে নিয়েছেন গায়িকা।

লালগালিচায় উজ্জ্বল উপস্থিতি নিয়ে হাজির হন টেইলর সুইফট। সংগীত পরিবেশনার পাশাপাশি সেদিন তাঁর লুক ছিল আলোচনায়। লালগালিচায় গায়িকার পরনে ছিল অস্কার দে লা রেন্তার ২০২৭ সালের বসন্ত সংগ্রহের উজ্জ্বল হলুদ গাউন। স্ট্র্যাপলেস নকশার গাউনটির হাই স্লিট ডিজাইন, কোমর থেকে কুঁচি করা ঘেরওয়ালা স্কার্ট, দুই পাশে পকেট ও পেছনে ছোট ট্রেন নজর কাড়ছে।

তবে পোশাকটির সবচেয়ে আকর্ষণীয় দিক এর এসেমেট্রিক নকশার বাবল হেমলাইন, যা টেইলরের লুকে যোগ করেছে ভিন্নমাত্রা। সঙ্গে সোনালি স্ট্র্যাপি হিল জুটি হয়েছে। জুয়েলারি নির্বাচনে আভিজাত্যকে প্রাধান্য দিয়েছেন টেইলর।

কানে ছিল প্রায় ৫৫ ক্যারেটের বিশেষ নকশার হীরার দুল। আঙুলে পরেছেন হীরা ও প্যারাইবা পাথর বসানো আংটি। এর সঙ্গে ছিল তাঁর বাগ্দানের আংটি ও বিয়ের আংটিও।

মোনোক্রম ড্রেসের সঙ্গে মিনিমাল জুয়েলারি আর মেকআপে অবশ্য স্বাভাবিকতাই বজায় রেখেছেন গায়িকা।

চোখে তাঁর সিগনেচার ক্যাট আইলাইনার, গালে হালকা গোলাপি ব্লাশঅনের ছোঁয়া আর ঠোঁটে কমলা লিপকালার। সবশেষে চুল পেছনে বেঁধে সামনে খোলা রেখেছিলেন তাঁর চেনা ব্যাংস স্টাইলে।

সিএমএ অ্যাওয়ার্ডসের মঞ্চে পারফর্ম করেন ১৪টি গ্র্যামিজয়ী এই সংগীতশিল্পী। দীর্ঘ ১৩ বছর পর এই আয়োজনে পারফর্ম করতে ফিরে তাঁর পরিবেশনা যেমন ছিল বিশেষ, তেমনি নজর কেড়েছে পোশাকও।

পারফরম্যান্সের জন্য পোশাক বদলে নেন টেইলর। এবার তাঁর পছন্দ ছিল এরডেমের ২০২৭ সালের বসন্ত সংগ্রহের একটি মিনিড্রেস।

পোশাকটির ওপরের অংশ রুপালি ক্রিস্টালের কারুকাজে সাজানো হাইনেক টপ। নিচে ড্রপ-ওয়েস্ট কাটের ঘেরওয়ালা লাল মিনি স্কার্ট। কাটআউট নকশা দিয়েছে আলাদা আবেদন। টেইলর এর সঙ্গে পরেছিলেন ঝলমলে কাউবয় বুট। সব মিলিয়ে তাঁর লুকে ফুটে উঠেছিল চেনা কান্ট্রি সংগীতের আবহ। কাঁধ ছোঁয়া চুলে করেছিলেন ঢেউখেলানো স্টাইল আর ব্যাংস।

মেকআপে উইংড আইলাইনার আর তাঁর সিগনেচার রেড লিপ লুক তো আছেই। পারফরম্যান্সের লুকের সঙ্গে এদিন টেইলরের গিটারেও ছিল বিশেষ সাজ। মঞ্চে গায়িকার হাতে দেখা যায় আকাশি নীল একটি গিটার। এতে রাইনস্টোন ও ক্রিস্টাল দিয়ে তৈরি মেঘের নকশা সবার নজর কেড়েছে। এদিন সিএমএ অ্যাওয়ার্ডসে মনোনীত গান ‘আই নিউ ইট, আই নিউ ইউ’-এর সঙ্গে ২০০৬ সালের জনপ্রিয় গান ‘আওয়ার সং’ মিলিয়ে পরিবেশনা করেন টেইলর।

এক রাতেই তিনটি ভিন্ন সাজে চমক দেখালেন টেইলর সুইফট। লালগালিচার হলুদ গাউন থেকে শুরু করে মঞ্চের ঝলমলে মিনিড্রেস—প্রতিটি সাজেই ছিল ভিন্ন আমেজ। রাতের তৃতীয় লুকটিও ছিল বেশ নজরকাড়া। কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীত জুটি ব্রুকস অ্যান্ড ডানকে আজীবন সম্মাননা পুরস্কার তুলে দিতে মঞ্চে আসেন তিনি।

এ সময় টেইলরের পরনে ছিল ট্যালার মারমোর নকশা করা ২ হাজার ৭২০ ডলারের মিনিড্রেস। ‘ডিসকো ড্রাগন ফ্রিঞ্জড সিকুইন-ওভেন মিনিড্রেস’ নামের পোশাকটি ২০২৬ সালের শরৎ সংগ্রহের।

টিউলের ওপর বসানো ছিল ঝলমলে সিকুইনের কাজ। হাইনেক নকশার লম্বা হাতার নিচে শোভা পাচ্ছে লম্বা ঝালর।
ছবি: ইন্সটাগ্রাম ও এএফপি