১০০ ক্যারেট হীরা, ১২ হাজার মুক্তা আর ২,৬০০ ক্যামেলিয়া পাপড়িতে অনন্যার ‘হোয়াইট ক্যামেলিয়া’ ব্রাইডাল লুক
শেয়ার করুন
ফলো করুন

২ হাজার ৬০০ ক্যামেলিয়া পাপড়ির ব্রাইডাল লেহেঙ্গা

অনন্যার জন্য তৈরি করা হয়েছিল ‘হোয়াইট ক্যামেলিয়া’ ব্রাইডাল লেহেঙ্গা। সদ্য ফোটা ক্যামেলিয়া ফুলের কোমল সৌন্দর্য থেকে অনুপ্রাণিত এই পোশাক ছিল গৌরব গুপ্তার কারুশিল্পের এক অসাধারণ নিদর্শন।

ভলিউমিনাস আইভরি স্কার্টজুড়ে ব্যবহার করা হয়েছে ২ হাজার ৬০০টির বেশি হাতে কাটা ত্রিমাত্রিক ক্যামেলিয়া পাপড়ি। প্রতিটি পাপড়ি আলাদাভাবে তৈরি করে স্তরে স্তরে বসানো হয়েছে, যাতে জীবন্ত ফুলের মতো টেক্সচার ফুটে ওঠে। এগুলো অলংকৃত করা হয়েছে ১২ হাজার মুক্তা এবং ৬৮০টির বেশি ক্রিস্টাল দিয়ে। পুরো পোশাকটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ৪৯০ ঘণ্টা। র‍্যাম্পের আলোয় অনন্যার লেহেঙ্গার মুক্তা ও ক্রিস্টালের ঝিলিক দেখে মনে হচ্ছিল, যেন সকালের শিশিরে ভেজা সাদা ক্যামেলিয়া ফুলের পাপড়িই জীবন্ত হয়ে উঠেছে।

ভাস্কর্যের মতো ব্লাউজ, নাটকীয় ভেইল

প্রচলিত ব্রাইডাল ব্লাউজের বদলে অনন্যা পরেছিলেন একটি স্কাল্পটেড সুইটহার্ট-নেক ব্রালেট। মুক্তা ও ক্রিস্টালের কারুকাজে সাজানো এই ব্লাউজের কাঁধ থেকে নেমে এসেছে ঝরনার মতো ক্রিস্টাল অলংকরণ। এ-লাইন সিলুয়েটের লেহেঙ্গা স্কার্টের লম্বা ট্রেন এবং ফ্লোর-সুইপিং ভেইল পুরো লুককে আরও নাটকীয় করে তোলে।

লেহেঙ্গার কোমরে থাকা ইনফিনিটি মোটিফও নজড় এড়ায়নি। এই মোটিফ সম্ভাবনা, রূপান্তর ও নতুন শুরুর প্রতীক হিসেবে গৌরব গুপ্তার ডিজাইন দর্শনকে তুলে ধরেছে।

বিজ্ঞাপন

১০০ ক্যারেট হীরায় রাজকীয় আভা

অনন্যার ব্রাইডাল লুকে ভারী গয়নার বদলে গুরুত্ব পেয়েছে কয়েকটি স্টেটমেন্ট জুয়েলারি। সবচেয়ে বেশি নজর কেড়েছে ১০০ ক্যারেটের বেশি হীরা বসানো ডায়মন্ড হেডপিস। এর সঙ্গে ছিল ডায়মন্ড সেপ্টাম রিং, যা প্রচলিত নথের বদলে আধুনিক ব্রাইডাল স্টাইলিংয়ে নতুন মাত্রা যোগ করেছে। পাশাপাশি ছিল হীরার আংটি, যা পুরো লুকে এনে দিয়েছে বিলাসবহুল কিন্তু পরিমিত সৌন্দর্য।

সফট গ্ল্যামে আধুনিক কনে

বিউটি লুকেও ছিল মিনিমাল গ্ল্যামের ছোঁয়া। অনন্যা বেছে নিয়েছিলেন মাঝখানে সিঁথি করা হাফ-আপ হেয়ারস্টাইল। মেকআপে চোখে রুপালি শিমার আইশ্যাডো, গালে গোলাপি ব্লাশ, গ্লসি পিংক ঠোঁট এবং কলারবোনে বডি গ্লিটার পুরো লুককে আরও সুন্দর করেছে।

এ অনুষ্ঠানে মাধুরী দীক্ষিত, শোভিতা ধুলিপালা, ববি দেওল, সানিয়া মালহোত্রা, ফারদিন খানসহ বলিউডের অনেক তারকার উপস্থিতি থাকলেও শোয়ের শেষ মুহূর্তে অনন্যা পান্ডের অপার্থিব ব্রাইডাল উপস্থিতিই হয়ে ওঠে সবচেয়ে আলোচিত আকর্ষণ।

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৪: ০০
বিজ্ঞাপন