
রাশমিকার পরনের গাউনটি ভারতীয় ডিজাইনার অনামিকা খান্নার সর্বশেষ কতুর সংগ্রহ ‘মুনলিট প্যালেস’-এর অফ-দ্য-রানওয়ে একটি পোশাক। স্বচ্ছ কালো লেস, ফুলের এমব্রয়ডারি, সূক্ষ্ম বিড ওয়ার্ক ও ক্রিস্টাল-স্টাডেড কারুকাজে তৈরি গাউন জুড়ে ছিল আধুনিকতা ও নাটকীয়তার মিশেল।

চলতি বছরের শুরুতে ভারতের হায়দরাবাদে উপস্থাপিত এই সংগ্রহের গাউনটি তৈরি করতে ডিজাইনারের স্টুডিওতে লেগেছে প্রায় ৩৫০ ঘণ্টা।
কালো লেসের ওপর সূক্ষ্ম এমব্রয়ডারি, ফুলের অ্যাপ্লিকে ও নানা ধরনের সারফেস এমবেলিশমেন্টে পোশাকটিতে ফুটে উঠেছে জটিল সব নকশা।


স্লিভলেস ও হাই-নেক নকশার প্রায় মেঝে ছোঁয়া গাউনটির সিলুয়েটে আছে শক্ত কাঠামোর কোরসেট। ফুলেল অ্যাপ্লিকের সঙ্গে ছড়িয়ে থাকা সিকুইনের ঝলক যোগ করেছে গ্ল্যামারের আবহ।

গলার কাছে থাকা ক্রিস্টাল-স্টাডেড কলারও নজর কেড়েছে।
পোশাকের নকশাই যেহেতু ছিল এই লুকের মূল আকর্ষণ, তাই গয়নায় রাখা হয়েছে মিনিমাল টাচ।

স্বরোভস্কির ইয়ার কাফ ও আংটিতে সেজেছেন রাশ্মিকা।মেকআপে ব্রোঞ্জ ত্বক আর ব্লো-ড্রাই করা লম্বা চুলে রাশ্মিকার সাজ পেয়েছে পূর্ণতা। পায়ে পরেছেন কালো সাটিনের থাই-হাই বুট। সঙ্গে থাকা গুচির ব্যাগে লুক সম্পূর্ণ হয়েছে তাঁর ।

ইতালির শতবর্ষের ফ্যাশন ঐতিহ্য উদ্যাপনকে সামনে রেখে মিলানে বসেছে ‘ভোগ ওয়ার্ল্ড ২০২৬’। রেনেসাঁর অলংকরণ থেকে শিল্পবিপ্লব, ঐতিহ্যবাহী ইতালীয় ফ্যাশন হাউস থেকে ভবিষ্যতের ফ্যাশন—ফ্যাশনের নানা অধ্যায়কে ঘিরেই সাজানো হয়েছে এই আন্তর্জাতিক আয়োজন।

বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকার উপস্থিতিতে জমে উঠেছে আয়োজন। সেই মঞ্চেই ভারতীয় ডিজাইনারের কতুরে রাশ্মিকার লুক আলাদা করে নজর কেড়েছে।
ছবি: ইন্সটাগ্রাম