
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবি ও ভিডিওতে টালিউড অভিনেত্রী তৃণা সাহা ধরা দিয়েছেন উষ্ণ, স্বতঃস্ফূর্ত এক লুকে।

জমকালো ফ্যাশনের বদলে তিনি বেছে নিয়েছেন আরামদায়ক একটি সামার ড্রেস, যেখানে সরলতার মধ্যেই ধরা দিয়েছে স্টাইল।

ছবিগুলো শেয়ার করে তৃণা ক্যাপশনে লিখেছেন, ‘বর্ষাই যেন আমাকে এমন করে তুলেছে।’ এরপর আরেকটি ভিডিও পোস্ট করে লেখেন, ‘সুখের যদি কোনো ঋতু থাকত, তবে সেটা হতো এই আবহাওয়া।’

আর একটি পোস্টে তাঁর মজার ক্যাপশন ছিল, ‘চুলে বৃষ্টির ছোঁয়া, বাতাসে ভালোবাসা, আর চারপাশে শুধু ঝামেলা!’ তৃণার এই ক্যাপশনগুলো বর্ষার প্রতি তাঁর ভালোবাসা এবং প্রাণবন্ত ব্যক্তিত্বেরই প্রকাশ।
অভিনেত্রীর পরনে প্যাস্টেল পিচ, হালকা হলুদ ও সবুজ চেক প্যাটার্নের একটি স্লিভলেস মিনি ড্রেস।


ড্রেসটির বডিস অংশে এমব্রয়ডারিতে ফুটিয়ে তোলা ছোট ছোট ফুলের নকশা , যা পুরো লুকে এনে দিয়েছে কোমল ও রোমান্টিক আবহ। হল্টার নেকলাইন পোশাকটিকে দিয়েছে আধুনিকতার ছোঁয়া, আর ঢিলেঢালা সিলুয়েট বর্ষার দিনে যোগ করেছে আরামদায়ক, রিলাক্সড ভাইব।

অ্যাকসেসরিজেও ছিল মিনিমাল ছোঁয়া। গলায় একটি ছোট্ট সোনালি পেনডেন্ট, হাতে কোনো ভারী অলংকার নেই।

এই স্টাইলিংয়ের কারণেই পোশাকের সৌন্দর্য আরও বেশি ফুটে উঠেছে। মেকআপেও ছিল ন্যাচারাল সৌন্দর্যের ছাপ। সফট বেস, আইলাইনার ও কাজলে সাজানো চোখ, আর খোলা ঢেউ খেলানো চুল তাঁর পুরো লুককে করেছে আরও আকর্ষণীয়।


কখনো প্রাণখোলা হাসিতে, আবার কখনো বাতাসে উড়তে থাকা চুলে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। কাচের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে সবুজে ঘেরা প্রকৃতির দিকে তাকিয়ে বৃষ্টিভেজা মুহূর্ত উপভোগ করার ছবিগুলোতেও ধরা পড়েছে তাঁর স্বতঃস্ফূর্ততা ও আত্মবিশ্বাস।


তৃণার এই বর্ষার লুক মনে করিয়ে দেয়, স্টাইলিশ দেখাতে সবসময় জাঁকজমকপূর্ণ পোশাকের প্রয়োজন হয় না। একটি আরামদায়ক কাটের ড্রেস, সফট কালার প্যালেট, মিনিমাল অ্যাকসেসরিজ এবং ন্যাচারাল বিউটি লুক এই কয়েকটি উপাদানই বর্ষার দিনের ফ্যাশনকে করে তুলতে পারে অনায়াসে নজরকাড়া।
ছবি: ইন্সটাগ্রাম