
অভিনেত্রী তানজিন তিশার রূপে মুগ্ধ ভক্তরা বরাবরই। শাড়ি, লেহেঙ্গা কিংবা সালোয়ার-কামিজের মতো এথনিক পোশাকে যেমন তাঁর জুড়ি নেই, তেমনি ক্যাজুয়াল টি-শার্ট, স্যুট বা গাউনের মতো পশ্চিমা পোশাকেও তিনি সমান স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাসী।

সাজপোশাক কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, ব্যক্তিত্বেরও বহিঃপ্রকাশ। আর যেকোনো পোশাক নিখুঁতভাবে ক্যারি করার দক্ষতার কারণেই প্রতিটি লুকে আলাদা করে নজর কাড়েন তানজিন তিশা।
সম্প্রতি এক ফটোশুটে উৎসবের আমেজে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। তাঁর পরনে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড আনজারার লাল রঙের একটি প্রি-ড্রেপড বা রেডি শাড়ি। এর সঙ্গে কারুকাজে ভরা একটি হ্যান্ড এম্বেলিশড ব্লাউজ।

ঐতিহ্যবাহী লাল রঙের সঙ্গে আধুনিক সিলুয়েটের মেলবন্ধনে তৈরি এই লুক একদিকে যেমন গ্ল্যামারাস, অন্যদিকে উৎসবের আয়োজনের জন্যও দারুণ মানানসই। চিনন কাপড়ে তৈরি শাড়িটি পরতে যেমন সহজ, তেমনি নিখুঁত ড্রেপিংয়ের কারণে পুরো লুকে এসেছে এলিগ্যান্ট ফিনিশ।

তবে এই লুকের সবচেয়ে আকর্ষণীয় অংশ নিঃসন্দেহে ব্লাউজটি। হল্টার-নেক কাটের এই ব্লাউজজুড়ে আছে ফ্লোরাল মোটিফের নিখুঁত কাজ। স্টোন, সিক্যুইন ও বিডের হ্যান্ড এম্বেলিশমেন্ট ব্লাউজটিকে দিয়েছে রাজকীয় আবেদন। লাল, সোনালি ও সবুজ রঙের কারুকাজ পুরো ব্লাউজে যেন প্রাণ দিয়েছে।
গয়নার নির্বাচনও বেশ নজরকাড়া। এলর অফিশিয়ালের স্টেটমেন্ট জুয়েলারি পরেছেন তিশা। প্রথম দেখায় মনে হতে পারে, তিনি স্টোনখচিত চোকার নেকলেস পরেছেন। আসলে ব্লাউজের নেকলাইনের অলংকরণই এমন নিখুঁতভাবে করা হয়েছে, যা চোকারের বিভ্রম তৈরি করে।


এর সঙ্গে মেটালিক গোল্ড দুল, হাতে রতনচুর, আংটি ও ঘড়ি পরেছেন সুন্দরী। লুকটিকে আরও সম্পূর্ণ করেছে মেটালিক গোল্ড হ্যান্ডব্যাগ, ক্ল্যাসিক বান হেয়ারস্টাইল এবং সফট গ্ল্যাম মেকআপ। বিয়ে, রিসেপশন, গায়েহলুদ কিংবা যেকোনো উৎসবের অনুষ্ঠানে যাঁরা আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধনে একটি স্টাইলিশ লুক খুঁজছেন, তাঁদের জন্য তানজিন তিশার এই লাল শাড়ির সাজ হতে পারে দারুণ অনুপ্রেরণা।
ছবি: আনজারা