প্রিন্সেস ডায়ানার ‘রিভেঞ্জ ড্রেস’ লুকে আবেদন কাড়লেন ঋতাভরী
শেয়ার করুন
ফলো করুন

হ্যালোউইনের সাজ মানেই ভূত, ডাইনি কিংবা নানা কাল্পনিক চরিত্রের উপস্থাপন। তবে চেনা ছকের বাইরে গিয়ে এবার ইতিহাসের এক আলোচিত ফ্যাশন মুহূর্তকে বেছে নিয়েছেন টালিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। প্রয়াত ব্রিটিশ রাজকুমারী প্রিন্সেস ডায়ানার আইকনিক ‘রিভেঞ্জ ড্রেস’ পরে হ্যালোউইনের সাজে হাজির হয়েছেন তিনি।

পোশাক, সাজসজ্জা ও ব্যাকগ্রাউন্ড —সব মিলিয়ে ঋতাভরীর এই আয়োজন যেন ফিরিয়ে এনেছে নব্বইয়ের দশকের সেই আলোচিত রাত।

বিজ্ঞাপন

১৯৯৪ সালের ২৯ জুন। লন্ডনের সার্পেন্টাইন গ্যালারির একটি অনুষ্ঠানে কালো অফ-শোল্ডার গাউনে হাজির হয়েছিলেন প্রিন্সেস ডায়ানা। একই রাতে প্রচারিত এক টেলিভিশন সাক্ষাৎকারে ডায়ানার স্বামী তৎকালীন প্রিন্স চার্লস তাঁর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন।

সেই ঘটনার পর ডায়ানার পোশাকটি হয়ে ওঠে আত্মবিশ্বাস, স্বাধীনতা ও নিজের মতো করে ঘুরে দাঁড়ানোর প্রতীক। ফ্যাশন দুনিয়ায় পোশাকটি পরিচিতি পায় ‘রিভেঞ্জ ড্রেস’ নামে। তিন দশক পরও পোশাকটির আবেদন এতটুকু কমেনি।

বিজ্ঞাপন

ডায়ানার সেই স্মরণীয় লুকের অনুপ্রেরণায় নিজেকে তুলে ধরেছেন ঋতাভরী। তাঁর পরনে কালো অফ-শোল্ডার, বডিহাগিং ককটেল গাউন।

পোশাকের পাশের স্লিটে লুকে যোগ হয়েছে সাহসী আবেদন। ডায়ানার মূল সাজের সঙ্গে মিল রেখে গলায় সাত লহরের মুক্তার চোকার পরেছেন ঋতাভরী। মাঝখানে বড় ওভাল আকৃতির লকেটটি পুরো সাজে যোগ করেছে আলাদা মাত্রা।

চোখে স্মোকি মেকআপ, ঠোঁটে ন্যুড ব্রাউন লিপস্টিক, হাতে স্টেটমেন্ট আংটি  আর খোলা চুলে ক্যামেরায় ধরা দিয়েছেন অভিনেত্রী।

শুধু সাজপোশাকেই নয়, ফটোশুটের ব্যাকগ্রাউন্ডেও ফুটে উঠেছে লন্ডনের ছোঁয়া। লাল রঙের ঐতিহ্যবাহী ব্রিটিশ টেলিফোন বুথের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে ছবিগুলো প্রকাশ করে ঋতাভরী জানিয়েছেন, এটি কেবল হ্যালোউইনের পোশাক নয়; বরং বিশ্বের অন্যতম আইকনিক নারীর প্রতি তাঁর ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ। ডায়ানার রিভেঞ্জ ড্রেস বেছে নেওয়ার মধ্য দিয়ে তিনি যেন পোশাকের বাইরের গল্পটিকেও সামনে এনেছেন।

হ্যালোউইনের সাজে চমক দেওয়ার পাশাপাশি ঋতাভরীর এই আয়োজন মনে করিয়ে দেয়, ফ্যাশন কেবল সৌন্দর্য প্রকাশের মাধ্যম নয়; কখনো কখনো এটি ইতিহাস, ব্যক্তিত্ব ও সময়ের গল্পও বলে।

প্রিন্সেস ডায়ানার সেই কালো পোশাক যেমন তিন দশক পরও ফ্যাশনপ্রেমীদের আলোচনায়, তেমনি তার অনুপ্রেরণায় তৈরি ঋতাভরীর সাজও হয়ে উঠেছে আলোচিত এক ফ্যাশন মুহূর্ত।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১০: ৫১
বিজ্ঞাপন