
দীপাবলির মৌসুম মানেই পুরো বলিউডে এক উৎসবের আমেজ। তবে ভারতের বাইরে থাকলেও অনেক বলিউড তারকা নিজেদের ঐতিহ্য ভুলে যান না; বরং বিদেশের মাটিতেও আয়োজন করেন নিজেদের সংস্কৃতির এই আলোর উৎসব। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সেই ধারাই মেনে চলেন। বিয়ে ও ক্যারিয়ারের সূত্রে যুক্তরাষ্ট্রে স্থায়ী হলেও ভারতীয় ঐতিহ্যের প্রতি তাঁর টান অটুট। প্রতিটি উৎসবই তিনি উদ্যাপন করেন জাঁকজমকের সঙ্গে। সম্প্রতি দীপাবলি আয়োজনে আবারও নজর কাড়লেন দেশি গার্ল।

লন্ডনে আয়োজিত দীপাবলি বল-এ তিনি হাজির হয়েছিলেন ঐতিহ্যবাহী পোশাক নয়; বরং চোখধাঁধানো এক লাল গাউনে।
ওয়ান-শোল্ডার এই গাউনের করসেট-স্টাইল বডিসে ঝলমল করছে সিকুইন আর সূক্ষ্ম পুঁতির কাজ। গাউনের ঢেউখেলানো ড্রেপ আর ঝলমলে লম্বা ট্রেন প্রিয়াঙ্কার লুকে তৈরি করেছে এক নাটকীয় আমেজ।


উজ্জ্বল লাল রং আর নিখুঁত কাটিং—সব মিলিয়ে ভারতীয় ডিজাইনার রাহুল মিশ্রার এই সৃষ্টির তারিফ করতেই হয়। প্রিয়াঙ্কা চোপড়া এই গাউনের সঙ্গে অলংকার হিসেবে বেছে নিয়েছেন ঝলমলে ডায়মন্ড ড্রপ স্টেটমেন্ট দুল। তাঁর হাতেও শোভা পাচ্ছে স্টাইলিশ ডায়মন্ড ব্রেসলেট। সঙ্গে মানানসই লাল হাই হিল যোগ করেছে গ্ল্যামারের মাত্রা।


নিখুঁত মেকআপে সেজে উঠেছেন জোনাস–ঘরণী। চোখে শিমারি আইশ্যাডো, পাপড়িতে ঘন মাশকারার ছোঁয়া, নিখুঁত উইংড আইলাইনার আর ব্লাশ অন্য, হাইলাইটারে যেন দ্যুতি ছড়াচ্ছেন তিনি। লাইমলাইট চুরি করে ঠোঁটে দিয়েছেন উজ্জ্বল লাল লিপস্টিক। সবশেষে করেছেন স্লিক বান হেয়ারস্টাইল।

সব মিলিয়ে প্রিয়াঙ্কার দীপাবলি লুক ফ্যাশনিস্তাদের বেশ পছন্দ হয়েছে।
ছবি: প্রিয়াঙ্কার ইন্সটাগ্রাম