
বিদেশ ভ্রমণে এখন শুধু দর্শনীয় স্থান ঘুরে দেখাই নয়, ট্রাভেল ফ্যাশনও হয়ে উঠেছে সমান গুরুত্বপূর্ণ। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে সেখানকার বিভিন্ন দর্শনীয় স্থানে ভিন্ন ভিন্ন লুকে ধরা দিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী সাফা কবির। এবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে গিয়ে ‘আরবান লাইট’-এর সামনে ছবি তুলেছেন তিনি।

ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সাফা লিখেছেন, ‘যখন সোনালি আলোর সঙ্গে মিলিত হয় আরবান লাইট।’

লস অ্যাঞ্জেলেস কাউন্টি মিউজিয়াম অব আর্টের উইলশায়ার বুলেভার্ডের প্রবেশপথে স্থাপিত ‘আরবান লাইট’ একটি বৃহদাকার পাবলিক আর্ট ইনস্টলেশন। এর শিল্পী ক্রিস বার্ডেন। ২০০৮ সালে স্থাপিত এই শিল্পকর্মে ব্যবহার করা হয়েছে ২০২টি পুনরুদ্ধার করা কাস্ট-আয়রন স্ট্রিট ল্যাম্প। ১৯২০ ও ১৯৩০-এর দশকের এসব ল্যাম্পের বেশির ভাগই একসময় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন রাস্তা আলোকিত করত।

সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ভিন্টেজ ল্যাম্পপোস্টের এই অনন্য স্থাপনা এখন লস অ্যাঞ্জেলেসের অন্যতম পরিচিত শিল্পকর্ম ও জনপ্রিয় ফটোস্পট।
এই আইকনিক শিল্পকর্মের সামনে সাফাকে দেখা গেছে বেশ ছিমছাম অথচ নজরকাড়া এক লুকে।

তাঁর পরনে ছিল মিনিমালিস্টিক স্লিভলেস সাদা হাই-নেক বডিস্যুট টপ। সাদামাটা টপের সঙ্গে বটমে পরেছেন প্যাস্টেল টোনের ফ্লোরাল ও জ্যামিতিক প্রিন্টের লং ম্যাক্সি স্কার্ট।

সবুজ, গোলাপি ও হলুদের সমন্বয়ে তৈরি স্কার্টটিতে হাই-ওয়েস্ট ডিজাইন ও সামনের দিকে বোতামের ডিটেইলিং নজর কাড়ছে। নিচের দিকে ফ্লেয়ার্ড রাফেল বর্ডার যোগ করেছে লুকে বাড়তি ফেমিনিন আবেদন।
পায়ে শোভা পাচ্ছে সাদা রঙের ব্যালে ফ্ল্যাট স্যান্ডেল। ভ্রমণের লুকে আরামকে গুরুত্ব দিয়ে বেছে নেওয়া এই জুতাই যেন পুরো সাজকে দিয়েছে সহজ-স্বচ্ছন্দ আবহ।

হাতে গোল্ড টোনের ব্রেসলেট-ঘড়ি ছাড়া বাড়তি কোনো গয়না পরেননি তিনি। সাজেও একদম মিনিমাল টাচ।


খোলা চুল, ন্যাচারাল মেকআপে সাফাকে দেখা গেছে একেবারে ইফোর্টলেস অথচ এলিগ্যান্ট লুকে। ল্যাম্পপোস্টের সারি আর ভ্রমণ গন্তব্যের আবহের সঙ্গে পোশাকের রং ও স্টাইলের এই মেলবন্ধনই সাফার ট্রাভেল ফ্যাশনকে করে তুলেছে আরও আকর্ষণীয়।
ছবি: ইন্সটাগ্রাম