ওএমজি, বিপস ইজ ব্যাক: ভিনটেজ গ্ল্যামারে ফিরলে ফ্যাশন কুইন বিপাশা বসু, মুগ্ধ নেটদুনিয়া
শেয়ার করুন
ফলো করুন

সেপ্টেম্বর ২০২৬-এর এল ইন্ডিয়া ডিজিটাল কভারে কালো গাউনে বিপাশার উপস্থিতিই যেন বলে দিল, স্টাইলের রাজত্বে কিছু নাম চিরকালই আলাদা। ৫ সেপ্টেম্বর নতুন এই কভার শুটের ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে প্রশংসার ঢল। কারও চোখে তিনি ‘আইকন’, কারও কাছে ‘ফ্যাশন কুইন’, আবার কেউ লিখেছেন, ‘ওএমজি, বিপস ইজ ব্যাক।’ সব মিলিয়ে নতুন এই ফ্যাশন শুট ঘিরে ভক্তদের উচ্ছ্বাস দেখাচ্ছে, বিপাশার গ্ল্যামার এখনও আগের মতোই অনায়াসে নজর কাড়তে পারে।

কভারে বিপাশার পুরোনো সেই জাদু

এল ইন্ডিয়ার সেপ্টেম্বর সংখ্যার ডিজিটাল কভারে বিপাশাকে দেখা গেছে একেবারে রাজকীয় ভঙ্গিতে। কালো রঙের একটি মেরমেইড-কাট করসেট গাউনে তাঁর লুকটি ছিল একই সঙ্গে সাহসী, পরিশীলিত এবং রহস্যময়ী। গাউনের সঙ্গে যুক্ত করা হয়েছে শিয়ার ফ্রিঞ্জ স্টোল, যা পুরো সাজে এনেছে নাটকীয়তা।

পোশাকের সঙ্গে বিপাশা বেছে নিয়েছেন ক্যাসকেড ট্যাসেল কানের দুল এবং সাদা এনামেল জিওম্যাট্রিক রিং। গয়নার এই নির্বাচন পুরো লুকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

চুল রাখা হয়েছিল খোলা, মাঝখান থেকে সিঁথি করা। লম্বা চুল নেমে এসেছে পিঠ বেয়ে। মেকআপেও ছিল মিনিমালের ছোঁয়া। মাসকারা দেওয়া চোখের পাপড়ি, হালকা গ্লসি গোলাপি ঠোঁট আর সফট বেস। সব মিলিয়ে সাজটি ছিল ঝলমলে, কিন্তু মিনিমাল।

এই লুকেই যেন ফুটে উঠেছে বিপাশার সেই সিগনেচার ফ্যাশন স্টেটমেন্ট কনফিডেন্স, বোল্ডনেস ও নেচারাল। কাভার সহ মোট চারটি লুকে দেখা গিয়েছে বিপাশাকে। প্রতিটি লুকেই প্রকাশ পেয়েছে তার সিগনেচার ফ্যাশন স্টেটমেন্ট।

বিজ্ঞাপন

ভিনটেজ গ্ল্যামারের ছোঁয়া

শুধু কালো গাউনেই থেমে থাকেননি বিপাশা। পরবর্তী লুকে তিনি বেছে নিয়েছেন এমন একটি পোশাক, যা তাঁর ব্যক্তিত্বকে আরও ড্রামাটিক ভাবে তুলে ধরেছে।

এই সাজে তিনি পরেছেন পিকান্তে-র কাস্টম ম্যাক্সি ড্রেস। পোশাকটির ভলিউমিনাস হাতায় রয়েছে স্লিট। কলারড নেকলাইন, বডি হাগিং সিলুয়েট এবং ওয়াই হেমলাইন।
তবে এই লুকের আসল আকর্ষণ ছিল গয়নায়। বিপাশা পরেছেন ভিনটেজ শ্যানেল টারকোয়িজ স্টোন কানের দুল এবং নেচারাল টিবেটান টারকোয়িজ চোকার। নীলাভ পাথরের এই গয়না একই রঙের  পোশাকের সঙ্গে তৈরি করেছে দারুণ ম্যচিং। ফলে পুরো সাজে এসেছে পুরোনো হলিউডের গ্ল্যামার আর আধুনিক ফ্যাশনের এক চমৎকার মিশেল।

সোনালি ঝলকে রাজকীয় বিপাশা

এই লুকে বিপাশা বসুর সাজজুড়ে ছিল পার্টি নাইট ফিল। বডি হাগিং সিলুয়েটের ঝলমলে গাউনের ওপর থেকে নেমে এসেছে দীর্ঘ, ঢেউখেলানো ড্রেপ যা অনেকটা শাড়ির আঁচলের মতো তাঁর পুরো অবয়বকে ঘিরে রেখেছে। ছোট ছোট গ্লসি অলংকরণে তৈরি পোশাকটি আলো পড়লেই যেন আলাদা করে জ্বলে উঠেছে।

অফ-শোল্ডার নেকলাইন আর করসেট-ধাঁচের উপরের অংশটি লুকটিকে দিয়েছে আলাদা বোল্ডনেস। এবং নিচের দিকে দীর্ঘ সিলুয়েট তৈরি করেছে মেরমেইড-গাউনের গ্ল্যাম। পোশাকের ওপরের অংশে থাকা সূক্ষ্ম অলংকরণ থেকে হাতের কাছে জড়ানো ঝলমলে ডিটেইল। সব মিলিয়ে সাজটি ছিল নিখুঁতভাবে ড্রামাটি।

কোনো গয়না না থাকায় এই লুকে পুরো নজরটিই থেকেছে পোশাক ও বিপাশার ওপর। সফট গ্লসি মেকআপ, বোল্ড আই এবং খোলা চুল এই লুকটিকে দিয়েছে পুরোনো দিনের গ্ল্যামারের আধুনিক রূপ।

লাল স্যাটিনে আবেদন আর ভিনটেজ গ্ল্যামার

চকচকে লাল স্যাটিনের বডি হাগিং পোশাকটি তাঁর অবয়বকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। পোশাকের সবচেয়ে নজরকাড়া অংশ হলো স্টেটমেন্ট স্ট্যাপ। লাল পোশাকের ওপর কাঁধজুড়ে থাকা উজ্জ্বল কমলা-লাল অ্যাক্সেসরিজটি পুরো সাজের কেন্দ্রবিন্দু। ছোট ছোট পাপড়ি বা শুঁড়ের মতো আকারে সাজানো এই স্টেটমেন্ট ডিটেইল পোশাকটিকে দিয়েছে শিল্পিত সৌন্দর্য। একই সঙ্গে এটি লুকের একরঙা আবহ ভেঙে এনে তৈরি করেছে দারুণ কনট্রাস্ট।

হাতে বড় আকারের টারকোয়িজ পাথরের আংটি যোগ করেছে ভিনটেজ অনুভূতি। লাল, কমলা ও নীলচে সবুজ রঙের এই সমন্বয় পুরো লুকটিকে করে তুলেছে আরও প্রাণবন্ত। গয়না কম, কিন্তু প্রতিটি টুকরোতেই রয়েছে আলাদা ব্যক্তিত্ব।

চুল রাখা হয়েছে ঢেউখেলানো ও খোলা। চোখে গাঢ় মেকআপ, গালে সফট গ্ল্যাম এবং ঠোঁটে প্রাকৃতিক গোলাপি টোন সব মিলিয়ে মেকআপও ছিল পোশাকের মতোই পরিমিত অথচ গ্ল্যামারাস। মুখের অভিব্যক্তিতে আত্মবিশ্বাস আর আবেদন এই দুইয়ের মিশেলেই লুকটি পেয়েছে বিপাশার চেনা ‘ওজি ফ্যাশন কুইন’ ভাইব।

বিজ্ঞাপন

কেন এত আলোচনা বিপাশাকে ঘিরে?

বিপাশার নতুন কভার শুটের ছবি প্রকাশ হতেই ইনস্টাগ্রামে শুরু হয় প্রশংসার বন্যা। ফ্যাশন সমালোচক ডায়েট সাবিয়া কভারটি শেয়ার করে উচ্ছ্বসিতভাবে জানান, ‘এ তো একেবারে বাজিমাত!’ তাঁর মতে, বিপাশার এই উপস্থিতি যেন পুরোনো দিনের সেই আইকনিক গ্ল্যামারেরই নতুন রূপ।

অভিনেত্রী দিয়া মির্জাও প্রশংসা করে লিখেছেন, ‘আগের মতোই দুর্দান্ত!’
ভক্তদের মন্তব্যে ছিল আরও বেশি উচ্ছ্বাস। কেউ লিখেছেন, ‘তাঁর মতো হওয়া কারও পক্ষেই সম্ভব নয়, ব্যস!’ আবার কেউ বলেছেন, ‘মনে হচ্ছে আমাদের সেই আইকন আবার ফিরে এসেছেন!’

বিপাশার লুক দেখে কারও মনে হয়েছে, তাঁর মধ্যে যেন ‘দ্য অ্যাডামস ফ্যামিলি’র মর্টিসিয়া অ্যাডামসের সেই রহস্যময়, গ্ল্যামারাস আবহ ফুটে উঠেছে। কেউ আবার সোজাসাপ্টা লিখেছেন, ‘তুলনাহীন!’

এক ভক্ত মজা করে লিখেছেন, ‘অ্যালেক্সা, বিপাশার গানটা চালাও!’বিপাশাকে ঘিরে জনপ্রিয় ‘বিপাশা’ গানটির প্রসঙ্গ টেনেই এই মন্তব্য।

তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে দুটি মন্তব্য ‘ওএমজি, বিপস আবার ফিরেছেন!’ এবং ‘ফ্যাশনের আসল রানি!’

এই প্রতিক্রিয়াগুলোই যেন বলে দিচ্ছে, বিপাশার নতুন রূপ শুধু একটি ম্যাগাজিন কভার নয়; এটি ভক্তদের কাছে এক প্রিয় ফ্যাশন আইকনের বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন।

‘ব্রাউন ব্যাডি’ লুকের অনেক আগেই বিপাশা

বিপাশার নতুন এই ছবি নিয়ে আলোচনা করতে গিয়ে তাঁর পুরোনো ফ্যাশন মুহূর্তগুলোর কথাও সামনে আসছে। বর্তমান সময়ে ‘ব্রাউন ব্যাডি’ নান্দনিকতা সামাজিক মাধ্যমে জনপ্রিয় হওয়ার বহু আগেই বিপাশা এমন এক আত্মবিশ্বাসী, গ্ল্যামারাস ইমেজ তৈরি করেছিলেন, যা আজও আলাদা করে নজর কাড়ে।

তাঁর স্টাইলের সবচেয়ে বড় শক্তি সম্ভবত এখানেই। তিনি ট্রেন্ড অনুসরণ করার বদলে নিজের উপস্থিতিকেই স্টাইল স্টেটমেন্টে পরিণত করতে জানেন। নতুন কভার শুটেও সেই পুরোনো আত্মবিশ্বাসেরই আধুনিক সংস্করণ দেখা গেল।

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৩০
বিজ্ঞাপন