
ছোটবেলা থেকেই নাচের প্রতি ছিল ভালোবাসা। মেয়েকে সুন্দরী প্রতিযোগিতায় দেখতে চেয়েছিলেন মা। সেই ইচ্ছার পথ ধরেই ২০২০ সালে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মাধ্যমে মডেলিংয়ে যাত্রা শুরু করেন নিদ্রা নেহা দে।

এরপর বিজ্ঞাপন, নাটক, ওটিটি ও সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে তৈরি করেছেন নিজের পরিচিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে পড়াশোনা করা নিদ্রার শিল্পচর্চার অভিজ্ঞতাও অভিনয়ে কাজে লাগে বলে জানিয়েছেন তিনি।

তবে অভিনয়ের পাশাপাশি ফ্যাশনের প্রতিও তাঁর ভালোবাসা আলাদা করে নজর কাড়ে। তাঁর ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখা যায় নানা রকম নান্দনিক ও আকর্ষণীয় লুকের ছবি ।
সম্প্রতি তেমনই এক লুকে ফ্রেমে ধরা দিয়েছেন সুন্দরী। চোখজুড়ানো সরিষা-হলুদ শাড়ি পরেছেন তিনি।

তবে শাড়ির সঙ্গে জুটি হওয়া ব্রালেট-ধাঁচের এই ব্লাউজটির প্রশংসা করতেই হয়। গাঢ় অলিভ রঙের হল্টারনেক স্লিভলেস ব্লাউজটি সরু স্ট্র্যাপ ও ডিপ-ভি কাটে তৈরি। যা শাড়ির চিরায়ত আবহে যোগ করেছে আধুনিকতার ছোঁয়া।

সাজে ভারী অলংকারের বদলে নেহা হাতে পরেছেন লাল কাচের চুড়ি। কানে ছোট সোনালি দুল, কপালে ছোট লাল টিপ আর চোখে কাজল —এই সামান্য অনুষঙ্গেই তৈরি হয়েছে চেনা বাঙালি সাজের আবহ।


তবে পুরো লুকের সবচেয়ে আকর্ষণীয় অংশ যেন তাঁর খোলা চুল আর স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি। কখনো মৃদু হাসি, কখনো ক্যামেরার দিকে শান্ত দৃষ্টি—সব মিলিয়ে নিদ্রার এই সাজে ধরা পরেছে বাঙালি নারীর চিরচেনা সৌন্দর্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন।
ছবি: ইন্সটাগ্রাম