
২২ সেপ্টেম্বর ভোগ ওয়ার্ল্ড: মিলানো অনুষ্ঠানে অংশ নেন জেনিফার লোপেজ। মিলানের ঐতিহাসিক গ্যালেরিয়া ভিত্তোরিও এমানুয়েলে আয়োজিত এবারের অনুষ্ঠানটি ছিল ইতালিয়ান ফ্যাশন, কারুশিল্প ও মানুষের হাতে তৈরি পোশাকের প্রদর্শনী। সেই আবহের সঙ্গে নিজের লুককেও পুরোপুরি মিলিয়ে নিয়েছিলেন জে.লো। পরে তিনি ভোগ ওয়ার্ল্ডের রানওয়েতেও হাঁটেন।

জেনিফারের ডলচে অ্যান্ড গাবানা গাউনটি ছিল একেবারেই নজরকাড়া। মেঝে ছোঁয়া কালো গাউনের পুরো শরীরজুড়ে সিকুইনের কাজ, যা তাঁর শরীরের গড়নকে আরও স্পষ্ট করে তুলেছিল। গাউনটির সঙ্গে ছিল ম্যাচিং শিয়ার অপেরা গ্লাভস। এতে পুরো সাজে যোগ হয় পুরোনো দিনের হলিউড গ্ল্যামার।
তবে এই লুকের সবচেয়ে বড় আকর্ষণ ছিল গয়না। কালো পোশাকের সঙ্গে উজ্জ্বল টারকোয়েজের বিশাল নেকলেসটি ছিল একেবারেই আলাদা। ৭৪ ক্যারেটের প্যারাইবা টুরমালিন নেকলেসটি ডলচে অ্যান্ড গাবানার তৈরি। এর আগে লেডি কিটি স্পেন্সারকেও এই গয়নায় দেখা গিয়েছিল।

কালো পোশাক আর শিয়ার গ্লাভসের একরঙা আবহের মধ্যে টারকোয়েজের এই পাথরটি যেন আলাদা করে আলো টেনে নেয়। বড় মাপের এই নেকলেস শুধু গয়না হিসেবে নয়, পুরো লুকের কেন্দ্রবিন্দু হিসেবেই কাজ করেছে। আর এতেই সাজটি হয়ে উঠেছে রাজকীয়।

পোশাকের মতোই জেনিফারের বিউটি লুকেও ছিল সিনেমাটিক ছোঁয়া। খোলা চুলে বড় বড় গ্লসি ওয়েভ, যা অনেকটা ক্লাসিক ইতালিয়ান চলচ্চিত্রের নায়িকাদের কথা মনে করিয়ে দেয়। ভোগও তাঁর চুলের স্টাইলে অনিতা একবার্গের প্রভাবের কথা উল্লেখ করেছে।

মেকআপ অবশ্য ছিল তুলনামূলক সফট গ্ল্যাম। গোলাপি টোনের লিপ, মিলিয়ে ব্লাশ এবং হালকা আই মেকআপে মুখের সাজ রাখা হয়েছিল সতেজ। সঙ্গে পিচ টোনের নখ। ফলে পোশাক ও গয়নাই পেয়েছে পুরো লুকের মূল আকর্ষণের জায়গা।

ডলচে অ্যান্ড গাবানার সঙ্গে জেনিফার লোপেজের ফ্যাশন সম্পর্ক নতুন নয়। এর আগেও তিনি এই ফ্যাশন হাউসের প্রতি নিজের আকর্ষণের কথা বলেছেন। ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইতালিয়ান অভিনেত্রী সোফিয়া লরেন ও জিনা লোলোব্রিজিদার প্রভাবের কথাও উল্লেখ করেছিলেন।

এই কারণেই মিলানে তাঁর এবারের উপস্থিতি যেন আরও স্বাভাবিক মনে হয়েছে। শরীরঘেঁষা গাউন, বড় গয়না, অপেরা গ্লাভস আর ভলিউমিনাস চুল সব মিলিয়ে লুকটি ছিল একেবারেই জেনিফার লোপেজসুলভ।
শুধু রেড কার্পেটে হেটেই থামেননি জেনিফার। পরে ভোগ ওয়ার্ল্ডের রানওয়েতেও হাঁটেন তিনি। এবারের অনুষ্ঠানটি ছিল সাধারণ ফ্যাশন শোর তুলনায় অনেক বেশি বড় আয়োজন, যেখানে সংগীতশিল্পী, অভিনেতা, মডেল ও ক্রীড়াবিদদের একসঙ্গে দেখা গেছে। ভোগ ওয়ার্ল্ড: মিলানোর এবারের ভাবনায় ছিল কারুশিল্প, ইতালিয়ান পণ্য, সিনেমা, প্রযুক্তি ও ফ্যাশনের ভবিষ্যৎ এখানে তুলে ধরা। প্রযুক্তিনির্ভর সময়ের মধ্যেও মানুষের হাতের কাজ ও পোশাকের আবেগকে সামনে আনা ছিল আয়োজনটির অন্যতম বিষয়।

জেনিফার লোপেজের এবারের সাজে মিনিমালিজমের কোনো জায়গা ছিল না। বরং তিনি নিজের চেনা ম্যাক্সিমালিস্ট গ্ল্যামারকেই আরও এক ধাপ এগিয়ে নিয়েছেন। কালো সিকুইন, অপেরা গ্লাভস, বড় আকৃতির টারকোয়েজ গয়না আর পুরোনো হলিউড স্টাইল সবকিছু মিলে তৈরি হয়েছে এক সিনেমাটিক উপস্থিতি।

মিলানের ফ্যাশন ইতিহাস আর ডলচে অ্যান্ড গাবানার ইতালিয়ান নান্দনিকতার সঙ্গে জেনিফারের তারকাসুলভ উপস্থিতি একসঙ্গে মিলে এই লুককে করেছে বিশেষ। যেন তিনি শুধু ফ্যাশন ইভেন্টে আসেননি, নিজের সাজ দিয়েই মিলানের ফ্যাশন ইতিহাসের একটি অংশ হয়ে উঠতে চেয়েছেন।