
এই লুকের মূল আকর্ষণ ছিল প্রি-ড্রেপড কনসেপ্ট শাড়ি, যার সঙ্গে যুক্ত ছিল করসেট-স্টাইল ব্লাউজ। করসেটের স্ট্রাকচার দিশার অবয়বকে দিয়েছে নিখুঁত গঠন ও স্থিরতা, আর শাড়ির নরম ভাঁজ যোগ করেছে আলাদা সৌন্দর্য। আধুনিক স্থাপত্যশৈলীর মতো গঠিত উপরের অংশ আর ক্লাসিক ড্রেপ—দুটি বিপরীত উপাদান মিলেই তৈরি করেছে এক শক্তিশালী ফ্যাশন স্টেটমেন্ট। সমালোচকরা যাকে বলছেন ঐতিহ্য ও কতুরের মেলবন্ধন।

গাঢ় লাল রং লুকটিকে করেছে আরও ড্রামাটিক। শক্তি, আবেগ ও আত্মবিশ্বাসের প্রতীক এই রং দিশার উপস্থিতিকে করে তুলেছে দৃষ্টিনন্দন।

চুলে স্লিক বাঁধা বেণি—সাদামাটা অথচ পরিশীলিত। এই মিনিমাল হেয়ারস্টাইল পুরো মনোযোগ ধরে রেখেছে পোশাকের দিকে। গয়নায়ও ছিল মিনিমাল। সোনালি স্টেটমেন্ট কানের দুল ও সূক্ষ্ম নেকপিস লুকটিকে দিয়েছে সূক্ষ্ম ঝলক, কিন্তু অতিরঞ্জিত নয়। আধুনিক স্টাইলিংয়ের মূল মন্ত্র—‘কমই বেশি’—এখানেও স্পষ্ট।

এই লুকের ছবি দিশা নিজেই শেয়ার করেন তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে। পোস্টে ব্যবহার করেন তার সদ্য মুক্তি পাওয়া চলচ্চিত্র ও’রোমিও-র একটি গানের অংশ। মুহূর্তেই ছবিগুলো ভাইরাল হয়, ভক্তরা প্রশংসায় ভরিয়ে দেন তাঁর সাহসী ও গ্ল্যামারাস উপস্থিতিকে।

পেশাগত দিক থেকেও দিশা এখন ব্যস্ত সময় পার করছেন। বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘ও’রোমিও’-তে তিনি অভিনয় করছেন শাহিদ কাপুর-এর বিপরীতে। ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে আগ্রহ, আর দিশার সাম্প্রতিক গ্ল্যামারাস উপস্থিতি সেই প্রত্যাশাকে আরও উসকে দিয়েছে।

দিশা পাটানির এই লুক আমাদের মনে করিয়ে দেয়—শাড়ি শুধু ঐতিহ্যের প্রতীক নয়, এটি এক চলমান ক্যানভাস। সঠিক কাট, স্ট্রাকচার ও আত্মবিশ্বাসী উপস্থাপনায় শাড়িও হয়ে উঠতে পারে কতুরের সমার্থক। তরুণ তাহিলিয়ানির কনসেপ্ট শাড়িতে দিশা যেন দেখালেন, আধুনিক ভারতীয় নারীর ফ্যাশন এখন একই সঙ্গে শক্তিশালী, পরিশীলিত ও নির্ভীক।
ছবি: দিশা পাটানির ইনস্টাগ্রাম