

প্রায়ই মোটা পাড়ের কাতানে জাদু ছড়ান দীপিকা। এই লুকে নীল শাড়িটির জমিনজুড়ে সোনালি জরি ও ফুলেল গোলাপি মিনাকারী নকশা করা। এ রকম একটি শাড়ির সঙ্গে আপনি পরতে পারেন ফুল স্লিভসের মোনোক্রোমাটিক ব্লাউজ। সঙ্গে দীপিকার মতো স্টেটমেন্ট চোকার ও কুন্দন বসানো বড় আকৃতির স্টাডও গয়না হিসেবে বেশ মানাবে। সাজে থাকতে পারে স্মোকি ব্রাউন আই লুক ও নুড লিপস্টিক। সবশেষে গরমে আরাম ও স্টাইল দুটোই একসঙ্গে দেবে স্লিক বান হেয়ারস্টাইল।

এর পরের লুকটিতে দীপিকা পরেছেন উজ্জ্বল লাল রঙের একটি ডিজাইনার কাতান শাড়ি। শাড়িটি জুড়ে রয়েছে সোনালি রঙের জ্যামিতিক নকশা ও সোনালি এমবেলিশমেন্ট। শাড়িটির বিশেষ আকর্ষণ এর আঁচল। আঁচল জুড়ে সোনালি কারচুপির কাজ ও টিয়ারড্রপ পার্ল বসানো। ডিজাইনার ব্লাউজের সঙ্গে দীপিকা রেখেছেন ন্যুড ফিনিশের মেকআপ। কানে স্টেটমেন্ট দুল ও গলায় চোকার। খোঁপায় বাঁধা বেলফুলের গাজরা।

জেনজি তারকা জাহ্নবীর পরনে রয়েছে ‘ঘাগরা চোলি’ ঘরানার একটি পোশাক, যার নিচের অংশটি ট্রেন্ডি পার্পেল রঙের কাতানের ওপর সোনালি ফুলেল নকশা করা। ব্লাউজের স্লিভসেও রয়েছে কাতান ফেব্রিক। ঐতিহ্য ধরে রাখার সঙ্গে সঙ্গে পোশাকে জাহ্নবী রেখেছেন এ যুগের ছোঁয়া।

এর সঙ্গে মিনিমাল মেকআপ, কানে ছোট্ট টেম্পল নকশার ঝুমকা ও লুজ কার্ল করা চুলের ম্যাজেন্টা ফুলটি বাড়িয়ে তুলেছে সৌন্দর্য। চাইলে প্রিয় তারকার অনুপ্রেরণায় এভাবে সাজতে পারেন।

দেশীয় নকশার প্রতি কঙ্গনা রনৌতের আবেগ চিরন্তন। এই লুকে কমলা রঙের একটি কাতান শাড়িতে নজর কেড়েছেন তিনি। কমলা শাড়িটি জুড়ে সোনালি জরির ‘জংলা’ নকশা করা। সঙ্গে কঙ্গনা পরেছেন কারচুপির নকশা করা ডিজাইনার ব্লাউজ। তাঁর স্টেটমেন্ট গয়না, বোল্ড আইস এবং স্লিক বানে সাজানো টকটকে লাল কয়েকটি গোলাপে পুরো লুকটি হয়ে উঠছে প্রশংসার দাবিদার।

দক্ষিণের লাস্যময়ী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর মতো আপনিও চাইলে ট্রেন্ডি আইভরি রঙের একটি শাড়ি বেছে নিতে পারেন এই ঈদে। যাতে সোনালি রঙে কাতান শাড়ির নকশা করা থাকলেও ক্ষতি নেই। অভিনেত্রী এর সঙ্গে বেছে নিয়েছেন সোনালি রঙের স্লিভলেস ব্লাউজ। ট্রেন্ডি মুক্তার চোকার ও ন্যুড ফিনিশের মেকআপ এই আউটফিটের সঙ্গে ভালো লাগবে। বলাই বাহুল্য, বিয়ের পোশাকেও আইভরি রং এখন ট্রেন্ডের শীর্ষে।
মহারাষ্ট্রীয় নকশায় তৈরি ভূমি পেডনকরের শাড়িটির নাম ‘পৈথানি’ শাড়ি। স্লিভলেস ব্লাউজের সঙ্গে কালো কাতান শাড়িটির জমিনের সোনালি বুটি এবং আঁচলের রঙিন নকশা ভূমিকে করে তুলেছে জমকালো। এ ধরনের শাড়ির সঙ্গে অভিনেত্রীর মতো আপনিও বেছে নিতে পারেন গলায় পরার ট্রেন্ডি চোকার, হাতে বালা, নাকে মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী নথ, কপালে চাঁদের নকশার টিপ ও চুলের গাজরা জড়ানো পনিটেইল।

ডুয়েল টোনের শাড়ি হালের ক্রেজ। তাই বাদ যাননি মাধুরী দীক্ষিতও। এই লুকে তাঁর পরনে দেখা মিলছে ডুয়েল টোনের একটি সবুজাভ শাড়ির। শাড়ির পাড়জুড়ে সোনালি নকশা করা। শাড়িটির আঁচলের নকশা বলে দিচ্ছে এটিও মহারাষ্ট্রের সেই বিখ্যাত ‘পৈথানি’ শাড়ি।

লুজ কার্ল করা চুল, মিনিমাল মেকআপ ও মহারাষ্ট্রীয় গয়নায় মাধুরীকে দেখতে লাগছে মোহময়ী।

গাঢ় বেগুনি শাড়িতে আভিজাত্যের ছোঁয়া। এই লুকে ভারতীয় ডিজাইনার আনিতা ডোংগরের নকশা করা বেগুনি শাড়িতে দেখা যাচ্ছে তাঁকে। শাড়িটির আঁচল ও পাড়জুড়ে সোনালি জরির কাতান শাড়ির নকশা। শাড়িটির রয়েছে সোনালি বুটিদার জমিন। একেবারেই মিনিমাল মেকআপ, গ্লসি গোলাপি ঠোঁট ও স্লিক খোঁপায় সাজ রেখেছেন অতি সাধারণ। গলায় পলকি বসানো সিম্পল চোকার ও কানের পলকি দুলে মায়া কাড়ছেন তিনি।

হলুদ ট্রেন্ডে আছে বলে কিন্তু কালোর আবেদনে ভাটা পড়েনি একরত্তি। সম্প্রতি ধনকুবের আম্বানি-বধূ নীতা আম্বানি ‘মিস ওয়ার্ল্ড, ২০২৪’-এর মঞ্চ আলোকিত করেন কালো রঙের একটি কাতান শাড়িতে। শাড়িটির জমিনজুড়ে ছিল সোনালি বুটির ‘জংলা’ নকশা। চওড়া পাড়েও ছিল সোনালি জরির কাজ। অপূর্ব সুন্দর শাড়িটির নকশা করেছেন ভারতীয় ডিজাইনার মনীশ মালহোত্রা ও ফ্যাশন ব্র্যান্ড স্বদেশ।