
প্রায় চৌদ্দ বছর আগে জনপ্রিয় সিরিয়াল ‘ওগো বধূ সুন্দরী’র মাধ্যমে অভিনয়জগতে পা রেখেছিলেন পশ্চিমবাংলার হার্টথ্রব অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। এরপর একাধিক বাংলা ও হিন্দি ভাষার সিনেমায় দেখা গেছে তাঁকে। প্রথাভাঙা নানা চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি জায়গা করে নিয়েছেন দর্শকের হৃদয়। তবে গত বছর মুক্তি পাওয়া ‘ফাটাফাটি’ সিনেমায় অভিনয় করে ঋতাভরী চলে আসেন আবারও লাইমলাইটে। ভক্তরা একেবারে অন্য রকম ঋতাভরীকে দেখেন এ সিনেমায়। বডি শেমিংয়ের বিরুদ্ধে ছিল এই সিনেমা। তাই ২০ কেজির মতো ওজনও বাড়াতে হয়েছিল তাঁকে। এ ছাড়া গত চার বছরে তিনটি অস্ত্রোপচার হয়েছে নায়িকার। ওজন বাড়ার সঙ্গে মানসিক অবসাদেরও শিকার হয়েছিলেন তিনি। সবকিছুকে পেছনে ফেলে ঋতাভরী প্রমাণ করে দিয়েছেন, মোটা হলেও মানসিক শক্তির জোরে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব। আত্মবিশ্বাসের সঙ্গে ধারণ করতে পারলে যেকোনো পোশাকেই সুন্দর দেখায়। তাই ‘ফ্যাশন মানে রোগা বা মোটা নয়’, এই মূলমন্ত্রে বিশ্বাসী অভিনেত্রী। অভিনয় ছাড়া ঋতাভরী একাধারে গায়িকা, মডেল আবার মিনিয়েচার শিল্পীও। তবে ফ্যাশন আইকন হিসেবে বর্তমানে ঋতাভরীকে অনুসরণ করছেন অনেকেই।
















