প্রেমের চৌদ্দ, বিয়ের এক: আদুরে মুহূর্তে ক্যামেরায় ধরা দিলেন মেহজাবীন-আদনান
শেয়ার করুন
ফলো করুন

আজ বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসার নির্দিষ্ট কোনো দিন না থাকলেও, এই একটি দিন যেন বিশেষভাবে বরাদ্দ প্রিয় মানুষটির জন্য। গত বছর ভালোবেসে বিয়ে করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব।

একসঙ্গে কাটানো তাঁদের বহু মুহূর্তের ছবি আগেই দেখেছেন ভক্তরা। তবে এবারের ভালোবাসা দিবস একটু অন্যরকম—বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইনস ডে বলে কথা।

মেহজাবীন সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন নিজেদের কিছু মায়াভরা মুহূর্ত। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে লড়েছি পৃথিবীর সঙ্গে… আজও যদি নতুন করে শুরু করার সুযোগ আসে, আমি তোমাকেই বেছে নিতাম, আদনান।”

বিজ্ঞাপন

নরম রঙে ভালোবাসার ছোঁয়া

ছবিতে দু’জনের স্টাইলিংয়েই প্রকাশ পেয়েছে একই টোনের পরিমিত এলিগ্যান্স। ফ্যাশন ব্র্যান্ড গুজেল ও আনজারার আউটফিট পরেছেন তাঁরা।

মেহজাবীন বেছে নিয়েছেন বেজ টোনের শাড়ি। মিনিমাল এমব্রয়ডারি আর সূক্ষ্ম সিকুইন ডিটেইলে সাজানো শাড়ির বর্ডার। স্লিভলেস ব্লাউজেও রয়েছে সিকুইনের অলংকরণ, যা পুরো লুকটিকে দিয়েছে আধুনিক অথচ ক্ল্যাসিক আবেদন।

গয়নার ক্ষেত্রেও মিনিমাল সাজই প্রাধান্য পেয়েছে । স্টোন-স্টাডেড ছোট দুল, হাতে চুড়ি আর হাতে বিয়ের আংটি শোভা পাচ্ছে তাঁর। । মেকআপে ফুটে উঠেছে সফট গ্ল্যাম আমেজ। বরাবরের মতোই তিনি ভরসা রেখেছেন জাহিদ খান ব্রাইডাল মেকওভারে।

গোলাপি ব্লাশ, ন্যুড লিপকালার আর চোখে আইলাইনার—এই সামান্য ছোঁয়াতেই অনবদ্য লাগছে তাঁকে। চুল রাখা হয়েছে সাইড-পার্টেড ঢেউখেলানো ন্যাচারাল ওয়েভে। সব মিলিয়ে নিখুঁত, পরিমিত ও রোমান্টিক এক লুকে ভালোবাসা দিবসে ধরা দিয়েছেন মেহজাবীন।

বিজ্ঞাপন

অন্যদিকে আদনান আল রাজীবের পোশাকে প্রকাশ পেয়েছে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন।

পরেছেন হালকা বেজ টোনের পাঞ্জাবি, সঙ্গে অফ-হোয়াইট পায়জামা। কাঁধে জড়ানো সূক্ষ্ম কারুকাজ করা শাল তাঁর লুককে দিয়েছে রাজকীয় আবহ। ট্রিমড দাঁড়ি আর পরিপাটি হেয়ারস্টাইল তাঁর ব্যক্তিত্বকে আরও পরিণত করে তুলেছে।

ভালোবাসার দিনে প্রতিটি ফ্রেমেই ধরা পড়েছে তাঁদের প্রেম, খুনসুটি আর অন্তরঙ্গতা। কখনো হাত ধরে পাশাপাশি দাঁড়িয়ে, চোখের ভাষায় বলছেন না-বলা অনেক কথা। কখনো বইয়ের ভুবনে হারিয়ে গিয়ে কিংবা কফি টেবিলে খুনসুটিতে ভেসে যাচ্ছেন দু’জন।

আবার কখনো জানালার পাশে বসে থাকা আদনানের কাঁধে হাত রেখে হাসিতে মেতে উঠেছেন মেহজাবীন—সেই হাসিতে আছে স্বস্তি, বন্ধুত্ব আর নিশ্চয়তা।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ২৯
বিজ্ঞাপন