
ইনস্টাগ্রামে প্রায়ই নানা আকর্ষণীয় লুকে নিজের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন টালিউড অভিনেত্রী মনামী ঘোষ। বিভিন্ন অনুষ্ঠানেও নিরীক্ষাধর্মী ও বোল্ড লুকে দেখা যায় তাঁকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফ্লুয়েন্সার হিসেবেও তাঁর জনপ্রিয়তা কম নয়। মিষ্টি হাসি আর ঈর্ষণীয় ফিগারের এই ফ্যাশনিস্তা অভিনেত্রীর সাম্প্রতিক লুকও তেমনই নজরকাড়া।

স্টুডিও ফটোশুটে এবার মনামী বেছে নিয়েছেন বেগুনি রঙের একটি ভেলভেট বা মখমল মিনি ড্রেস। বরাবরের মতোই পোশাক নির্বাচনে রয়েছে গ্ল্যামার আর এলিগ্যান্সের নিখুঁত ভারসাম্য।

নরম মখমলের কাপড়ে তৈরি এই বডিকন পোশাকটি তাঁর ফিগারকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। ড্রেসটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর সুইটহার্ট নেকলাইন ও ড্রেপড ডিটেইলিং। ফুল স্লিভ ডিজাইন আর অ্যাসিমেট্রিক হেমলাইন পুরো লুকে যোগ করেছে আধুনিকতার ছোঁয়া।
পোশাকের সঙ্গে মিলিয়ে মানানসই মেকআপ করেছেন তিনি। ডিউই বেজের মেকআপে ধরা দিয়েছে সতেজ আভা। গালে নরম গোলাপি ব্লাশ আর হাইলাইটারের পরিমিত ব্যবহার মুখে এনেছে উজ্জ্বলতা।

চোখে উইংড আইলাইনার ও ঘন আইল্যাশ তাঁর আই মেকআপকে করেছে আরও আকর্ষণীয়। ঠোঁটে কোরাল গোলাপি লিপস্টিক পুরো লুকের সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে।

চুল রেখেছেন খোলা। ভারী গয়না এড়িয়ে এই লুকে প্রায় কোনো অ্যাকসেসরিসই ব্যবহার করেননি তিনি। হাতে লাল টকটকে নেইলপলিশ আর একটি আংটি ছাড়া আর কিছুই চোখে পড়ে না। তাই পুরো ফোকাসই তাঁর পোশাক ও আত্মবিশ্বাসী উপস্থিতিতে।

কখনো ক্যামেরার দিকে স্থির দৃষ্টি, কখনো প্রাণখোলা হাসি—নানা পোজে মনামী ধরা দিয়েছেন ক্যামেরার ফ্রেমে। পাশে রাখা ভিনটেজ স্টুডিও লাইট পুরো ফটোশুটে এনে দিয়েছে সিনেম্যাটিক আবহ।
ফ্যাশনে নতুন কিছু নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন মনামী ঘোষ।কখনো শাড়িতে ধরা দেন ঐতিহ্যের ছোঁয়ায়, আবার কখনো ওয়েস্টার্ন সিলুয়েটে হাজির হন সাহসী স্টাইলে। প্রতিবারই নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন এই অভিনেত্রী।
ছবি: ইন্সটাগ্রাম