
নিত্যনতুন পোশাক আর সাজে ভক্তদের সামনে হাজির হতে পছন্দ করেন অভিনেত্রী সাফা কবির। সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই দেখা মেলে তাঁর নানা রকম লুকের। এথনিক হোক কিংবা ওয়েস্টার্ন, দুই ধরনের পোশাকেই সাবলীল সাফা। ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে এবার মোলায়েম সাদা রঙের পোশাকে ধরা দিলেন তিনি।

প্যানটোনের ২০২৬ সালের ‘কালার অব দ্য ইয়ার’ ক্লাউড ড্যান্সার ঘরানার এই সাদা রঙে তাঁর সাজে ফুটে উঠেছে স্নিগ্ধতা আর সরলতা।
সাফার পরনে সাদা নুডল স্ট্র্যাপের টপ ও একই রঙের হাইওয়েষ্ট প্যান্ট টাক করা সঙ্গে। পোশাকের সাধারণ কাটছাঁট আর সাদা রঙের মেলবন্ধনে পুরো লুকে তৈরি হয়েছে পরিচ্ছন্ন, মিনিমাল আর স্বপ্নিল এক আবহ।

খোলা রাখা বাদামি চুলে বড় বড় ঢেউখেলানো কার্ল তাঁর সাজে যোগ করেছে বাড়তি আকর্ষণ। মেকআপে গালে গোলাপি ব্লাশ, চোখে মাসকারা আর ঠোঁটে গোলাপি গ্লস। কানে পাথর বসানো ছোট স্টাড, হাতে আংটি ও সোনালি ব্রেসলেট—মিনিমাল জুয়েলারিতেই সাজ পূর্ণতা পেয়েছে।
ফটোশুটের একটি ছবিতে হাতে সাদা লিলি ফুল নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন সাফা।

অন্য ছবিতে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন সাদা নেটের পর্দায় ঘেরা পরিবেশে। নরম আলো, সাদা পোশাক আর পর্দার আবহে ছবিগুলোতে তৈরি হয়েছে স্বপ্নিল এক পরিবেশ।
সব মিলিয়ে সাদার সরলতা, হালকা মেকআপ ও পরিমিত অনুষঙ্গে সাফার এই সাজে ধরা দিয়েছে ক্লাউড ড্যান্সার রঙের স্নিগ্ধ সৌন্দর্য।
ছবি: ইন্সটাগ্রাম