
নুসরাত ফারিয়া মানেই গ্ল্যামারাস ব্যক্তিত্ব। তবে শুধু গ্ল্যামার নয়, অভিনেত্রী জানেন, কীভাবে চোখজুড়ানো ও আবেদনকাড়া লুককেও স্টাইলে রূপ দিতে হয়। যেকোনো সাজপোশাক তিনি সাবলীলভাবে নিজের মধ্যে ধারণ করে নেন। একেক সময় একেক পোশাকে তিনি লাস্যময়ী রূপে ধরা দেন অনুরাগীদের কাছে। সম্প্রতি তাঁকে দেখা গেল শাড়িতে।

বাংলাদেশের ফ্যাশন হাউস ‘হাউজ অব আহমেদ’-এর শাড়িতে ঢালিউড সেনসেশন নুসরাতের এই সাজ যেন আভিজাত্য ও আধুনিক গ্ল্যামারের এক অনবদ্য মেলবন্ধন। ফারিয়ার পরনে থাকা শাড়িটি রং–ই যেন সব আকর্ষণ কেড়ে নিচ্ছে। জমকালো আমেজের ইলেকট্রিক ব্লু অরগাঞ্জা শাড়িতে ফ্রেমবন্দী হয়েছেন সুন্দরী।
শাড়ির জমিনজুড়ে থাকা সোনালি সিকুইনের এমবেলিশমেন্ট এবং পাড়ের নিখুঁত জারদৌজি কাজ শাড়ির জমিনকে আরও গর্জিয়াস করেছে। এর সঙ্গে ম্যাচিং ফুল-স্লিভ ব্লাউজেও ফুটে উঠেছে গোল্ডেন ফ্লোরাল কাজ।

এত সুন্দর শাড়ির সঙ্গে গয়না নির্বাচনেও নুসরাত রেখেছেন জমকালো ছোঁয়া। গলায় পরেছেন ট্র্যাডিশনাল সোনার চোকার ও লম্বা সীতাহার, আর কানে শোভা পাচ্ছে ঝুমকা।


গলার লেয়ারে লেয়ারে সাজানো গোল্ডেন নেকপিস, সঙ্গে ম্যাচিং ঝুমকা, হাতভর্তি চুড়ি-বালা ও আংটি—সব মিলিয়ে গয়নার সাজে ফুটে উঠেছে রাজকীয় আমেজ।
মেকআপে রাখা হয়েছে গ্ল্যামারাস অথচ এলিগ্যান্ট ছোঁয়া। স্মোকি-শিমারি আইশ্যাডো, ঘন আইল্যাশ ও সুনিপুণ কনট্যুরে ফুটে উঠেছে মুখের সৌন্দর্য। গালে হালকা পিচ-রোজ ব্লাশের সঙ্গে ডিউই হাইলাইটার এবং ঠোঁটে সফট গ্লসি পিঙ্ক-ন্যুড লিপস্টিক তাঁর পুরো লুককে করেছে আরও মোহনীয়।


চুল ছেড়ে একপাশে ঢেউ খেলানো সাইড কার্লে সাজিয়েছেন তিনি, যা লুকটিতে যোগ করেছে বাড়তি রোমান্টিক আবেদন। সব মিলিয়ে শাড়ি, গয়না, মেকআপ ও হেয়ারস্টাইলের নিখুঁত সমন্বয়ে অভিনেত্রীর লুকটি পেয়েছে এক রাজকীয় ফিনিশ।
ছবি: ইন্সটাগ্রাম