
গরমের দিনে নিজেকে একটু স্বস্তিতে সময় দিতে পায়েল সরকার বেছে নিয়েছেন পুলের ধারের নিরিবিলি পরিবেশ। আর সেখানেই বোল্ড ও আরামদায়ক লুকে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। অভিনেত্রীর পরনে সাদা ওয়ান শোল্ডার টপ।

বডি হাগিং সিলুয়েটের এই টপের কোমরের কাছে আছে কাটআউটের নকশা। ফলে পোশাকটিতে যেমন এসেছে আধুনিকতার ছোঁয়া, তেমনি ফুটে উঠেছে পায়েলের আত্মবিশ্বাসী উপস্থিতি।

এর সঙ্গে জুটি হয়েছে ফুলেল নকশার হালকা কাপড়ের র্যাপ স্কার্ট। গরমে ভারী পোশাক এড়িয়ে এমন হালকা ও আরামদায়ক পোশাক যে কতটা স্বস্তিদায়ক হতে পারে, পায়েলের লুকটিই যেন তার সুন্দর উদাহরণ।
পুলের ধারে কখনো বসে, কখনো শুয়ে ক্যামেরায় পোজ দিয়েছেন অভিনেত্রী। কখনো তাঁকে দেখা গেছে বাদামি সানগ্লাসেও। লম্বা চুল সফট কার্ল স্টাইলে খোলা রেখেছেন সুন্দরী।

সাজে একদম ন্যাচারাল আমেজ ফুটে উঠেছে। সেজেছেন গোলাপি আভার মেকআপ লুকে। পোশাকের সঙ্গে মিলিয়ে বেছে নিয়েছেন নজরকাড়া গয়নাও। কানে স্টেটমেন্ট দুল, হাতে নজরকাড়া আংটি আর হাতে মোটা কাফ- এই অনুষঙ্গগুলো তাঁর সাজে যোগ করেছে আধুনিকতার ছোঁয়া।

আর ছবির আবহ? সেখানেও আছে সামার ভ্যাকেশনের পূর্ণ আয়োজন। পুলের নীল জল, রোদের ঝিলিক, পাশে রাখা ফলের ঝুড়ি, ঠান্ডা পানীয়—সব মিলিয়ে যেন শহুরে ব্যস্ততা থেকে দূরে কয়েক মুহূর্তের অবকাশ। দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্র ও নানা রূপে দর্শকের সামনে এসেছেন পায়েল।

পর্দার বাইরেও তাঁর পোশাক ও সাজ নিয়ে আগ্রহ কম নয়। বিভিন্ন লুকে নিজেকে উপস্থাপন করতে দেখা যায় তাঁকে। এবারের পুলসাইডের ছবিগুলোতেও সেই বহুমাত্রিক ফ্যাশন-রুচিরই আরেকটি দিক সামনে এসেছে।
ছবি: ইন্সটাগ্রাম