
জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি একগুচ্ছ সতেজ সূর্যমুখী ফুলের বিশাল এক তোড়া হাতে নিয়ে ধরা দিয়েছেন এক স্নিগ্ধ ও রোমান্টিক মুডে। যা মুহূর্তেই ভক্তদের নজর কেড়েছে।

অভিনেত্রী একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসা’।

ফ্রেমগুলোতে ধরা পড়েছে তাঁর ন্যাচারাল সৌন্দর্য আর দারুণ ফ্যাশন সেন্স ।

তিশা পরেছেন ‘হেইজেল ক্লোদিং’-এর একটি চমৎকার সাদা রঙের স্প্যাগেটি-স্ট্র্যাপ ম্যাক্সি ড্রেস, যার ওপরের অংশে রয়েছে হালকা ফ্লোরাল প্রিন্ট এবং নিচের অংশ জুড়ে ছড়ানো কালো পোলকা ডট।

পোশাকটির এই ভিন্টেজ ও ছিমছাম নকশা তাঁর লুকে এনে দিয়েছে এক ধরনের স্নিগ্ধ আভিজাত্য।
তিশার এই লুকে মেকআপ ছিল একেবারেই মিনিমাল। খোলা চুল, চোখে মাশকারার , ঠোঁটে বেরি রঙের লিপকালার আর গালে গোলাপি ব্লাশ —সব মিলিয়ে তাঁর ভারী মেকআপ এড়িয়ে এই সাজেই ফুটে উঠেছে তাঁর সৌন্দর্য।

কখনো চোখে বড় কালো রোদচশমা পড়েও পোজ দিয়েছেন সুন্দরী। এই ড্রেসের সঙ্গে জুয়েলারিও বেছে নিয়েছেন মিনিমাল।

গলায় সরু সোনালি লেয়ার চেইনের সঙ্গে ছোট্ট পাথর বসানো লকেট। কানে ছোট সোনালি স্টাড আর নাকে ডায়মন্ড নাকফুল।

কখনো সিঁড়িতে বসে, কখনো রেলিংয়ের পাশে দাঁড়িয়ে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন অভিনেত্রী।
তাঁর অভিব্যক্তিতে ফুটে উঠেছে প্রশান্তি ও আত্মবিশ্বাসী মেজাজ। তবে এই ফটোশুটের মধ্যমণি ছিল সূর্যমুখীর তোড়া।

কখনো কানের পাশে ফুল গুঁজে নিয়েছেন তিশা, কখনো ফুল দিয়ে ক্যামেরার লেন্সের সামনে এক চোখ আড়াল করেছেন, আবার কখনো হাতে সূর্যমুখীর তোড়া নিয়ে বসে পোজ দিয়েছেন।

‘ফ্লোরাল রেডিয়েন্স’ থেকে পাঠানো নিউজ পেপার-প্রিন্ট ক্রাফট পেপারে মোড়ানো এই বিশাল সূর্যমুখী তোড়াটি ছবির আবহে যোগ করেছে বাড়তি উষ্ণতা ও নান্দনিকতা।
ছবি: ইন্সটাগ্রাম