
নীল আকাশ, স্বচ্ছ নীল-সবুজ সমুদ্র আর দুই পাশে সবুজে ঢাকা পাহাড়-প্রকৃতির এমন মায়াবী আবহে ধরা দিলেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তাঁর সাম্প্রতিক ছবিগুলোয় একদিকে যেমন ফুটে উঠেছে সমুদ্রভ্রমণের আনন্দ; অন্যদিকে নজর কেড়েছে তাঁর ভ্যাকেশন ফ্যাশন লুক।

ছবিগুলোয় থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন গন্তব্য ফি ফি আইল্যান্ডসের মায়া বে-তে সময় কাটাতে দেখা গেছে এই অভিনেত্রীকে।
সাদিয়ার পরনে খুব সুন্দর এক লাল রঙের মিডি ফ্রক। পোশাকটিতে হালকা কুঁচি দেওয়া হাতা, স্কয়ার কাট নেকলাইন এবং সামনে সাদা বোতামের ডিটেইলিং আছে।


ফ্রকজুড়ে ছড়িয়ে থাকা ছোট ছোট সাদা হার্ট আকৃতির মোটিফ লালের সঙ্গে তৈরি করেছে দারুণ কনট্রাস্ট। নীল সমুদ্রের ব্যাকগ্রাউন্ডে লাল পোশাকটি তাই সহজেই নজর কেড়েছে।
ছুটির দিনের এই লুকে খুব বেশি আয়োজন রাখেননি সাদিয়া। খোলা চুলের এক পাশে গুঁজে নিয়েছেন সাদা ফুল।

গলায় শোভা পাচ্ছে ফ্লোরাল বিডসের নেকপিস, সঙ্গে কানে গোল্ডেন হুপ। ন্যাচারাল মেকআপে সাজটি রেখেছেন একেবারেই মিনিমাল।


সমুদ্রের মৃদু বাতাসে চুলগুলো উড়ছে আর মুখের প্রাণবন্ত হাসি পুরো লুকটিকে দিয়েছে আরও স্বতঃস্ফূর্ত আবহ। ছবির সঙ্গে তাঁর লেখা, ‘লাল ফ্রক, সোনালি রোদ আর সমুদ্রপাড়ের একটুখানি জাদু’—ছবিগুলোর অনুভূতিটিও যেন ঠিক তেমনই।
তবে সাদিয়ার ভ্রমণের গল্প শুধু সমুদ্রের নীলেই সীমাবদ্ধ নয়। একই লাল ফ্রকে থাইল্যান্ডের ব্যস্ত শহরের গলিতেও দেখা গেছে তাঁকে।

সেখানে অবশ্য বদলে গেছে তাঁর সাজের ধরন। খোলা চুলের পরিবর্তে মেসি বান, চোখে রাউন্ড শেপের কমলা ফ্রেমের সানগ্লাস আর কাঁধে কালো রঙের ক্ল্যাসিক গেইজ ব্র্যান্ডের চেইন ব্যাগ—সব মিলিয়ে তৈরি হয়েছে সুন্দর ক্যাজুয়াল লুক। পায়ে পরতে বেছে নিয়েছেন আরামদায়ক কালো ডাবল-স্ট্র্যাপ ফ্ল্যাট স্যান্ডেল।

এক হাতে আইসক্রিম নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে তাঁর মিষ্টি হাসিতে ধরা পড়েছে ছুটির দিনের প্রাণবন্ত মুহূর্ত।
থাইল্যান্ডের স্থানীয় খাবারের আমেজও উপভোগ করতে দেখা গেছে অভিনেত্রীকে। রাস্তার ধারের এক আইসক্রিম বিক্রেতার ভ্যানের সামনে তোলা ক্লোজ-আপ সেলফিতে তাঁর উচ্ছ্বাস আরও স্পষ্ট।

মজার এক্সপ্রেশন আর স্বতঃস্ফূর্ত হাসিতে বোঝা যায়, নতুন জায়গার ছোট ছোট অভিজ্ঞতাও বেশ উপভোগ করছেন তিনি।


সমুদ্রের নীল, সোনালি রোদ, লাল ফ্রক আর ভ্রমণের স্বতঃস্ফূর্ত আনন্দ—সব মিলিয়ে সাদিয়ার এবারের থাইল্যান্ড ভ্রমণের ছবিগুলো যেন ছুটির দিনের একটুকরা রঙিন গল্প।
ছবি: সাদিয়ার ইন্সটাগ্রাম