
‘একটুখানি শুভ্রতা…’—সাদিয়ার ছবির সঙ্গে লেখা এই ছোট্ট কথাটিই যেন তাঁর পুরো সাজের গল্প বলে দেয়।

সাদা শাড়িতে তাঁকে দেখে মনে হচ্ছে, শরতের আকাশের এক টুকরো পেঁজা তুলো। সাজে কোনো বাড়তি চাকচিক্য নেই, বরং সাদামাটার মধ্যেই ফুটে উঠেছে তাঁর স্বাভাবিক সৌন্দর্য।


সাদিয়ার পরনে সাদা জামদানি শাড়ি। সঙ্গে মানানসই সাদা ব্লাউজ। তবে এই শুভ্রতার মধ্যেই বিশেষ নজর কাড়ছে ব্লাউজের এক পাশে থাকা গোলাপি ফুল ও সবুজ লতার সূক্ষ্ম হাতের কারুকাজ। সাদা লুকের মধ্যে এই গোলাপি ফুলেল নকশা যেন শরতের আকাশে হঠাৎ ফুটে ওঠা বসন্তেরই বার্তা।
শুধু পোশাকেই নয়, ছবির প্রতিটি ফ্রেমেই ধরা পড়েছে ফুলেল আবহ। পেছনের গাছজুড়ে ফুটে আছে সাদা ও গোলাপি মধুমালতী ফুল। সেই ফুলের সমারোহেই দাঁড়িয়ে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন সাদিয়া।


এই শাড়ির লুকের সঙ্গে অভিনেত্রী গলায় পরেছেন মুক্তার মালা । কানে শোভা পাচ্ছে সিলভার ঝুমকা,নাকে ছোট্ট হীরার নাকফুল আর হাতে রয়েছে সোনার বালা। চুলে মাঝ সিঁথি করে সফট ওয়েভ স্টাইলে ছেড়ে রেখেছেন সাদিয়া।

মেকআপে একটুও বাড়াবাড়ি নেই। চোখে হালকা কাজল, ঠোঁটে গোলাপি আভার লিপকালার । তবে সাদিয়ার মুখের হাসিটিই যেন এই সাজের সবচেয়ে উজ্জ্বল অলংকার। সব মিলিয়ে, তাঁর এই শুভ্র লুক বেশ পছন্দ করেছেন ভক্তরা।
ছবি: ইন্সটাগ্রাম