
ফ্যাশনে কালো পোশাকের আবেদন চিরকালীন। তবে কাট, নকশা আর স্টাইলিংয়ের ভিন্নতায় সেই পরিচিত কালো পোশাকেও যোগ করা যায় নতুন মাত্রা। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত ‘এল ইন্ডিয়া বিউটি অ্যাওয়ার্ডস ২০২৬’-এ তেমনই এক নজরকাড়া লুকে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে।

ফরাসি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড শ্যানেলের পিঠখোলা কালো গাউন আর নজরকাড়া গয়নায় তাঁর সাজে ছিল আধুনিক গ্ল্যামারের ছোঁয়া।

শ্যানেলের ২০২৬ সালের ফল কালেকশনের পোশাক বেছে নিয়েছিলেন অনন্যা। ব্র্যান্ডটির সৃজনশীল পরিচালক ম্যাথিউ ব্লাজির নকশা করা কালো গাউনটিতে রয়েছে বোট নেকলাইন ও ফুলস্লিভ, যা পোশাকে এনেছে আভিজাত্য। সামনের দিকের নকশা বেশ সংযত হলেও পেছনের পিঠখোলা কাটে ফুটে উঠেছে বোল্ড ছোঁয়া।


সোনালি বডি চেইন ও কালো পালকের অলংকরণ গাউনটির অন্যতম আকর্ষণ। সঙ্গে আছে প্লিটের কাজ । কালো পোশাকের চিরচেনা আভিজাত্য আর পিঠখোলা কাটের সাহসী উপস্থাপন—দুইয়ের মিশেলে অনন্যার লুকে তৈরি হয়েছে স্বতন্ত্র এক আবেদন। শ্যানেলের এই গাউন এর আগে আরেক হলিউড তারকা নিকোল কিডম্যানকেও পরতে দেখা গেছে।


পোশাকের সঙ্গে মানানসই অনুষঙ্গ বেছে নিয়েছিলেন অনন্যার স্টাইলিস্ট প্রিয়াঙ্কা কাপাডিয়া বাদানি। পায়ে শোভা পাচ্ছে কালো পাম্প জুতা, যাতে আছে লেসের সূক্ষ্ম নকশা। সঙ্গে সোনালি আংটি ও নজরকাড়া রাউন্ড স্টাড দুল।

চুলে সাইড সিঁথি করে পেছনে খোঁপা করেছেন। মুখের দুই পাশে ছেড়ে রাখা কয়েক গোছা চুলে হেয়ারস্টাইলে এসেছে স্নিগ্ধতা। ভ্রু গাঢ় করে আঁকা, চোখে শিমারি বাদামি আইশ্যাডো ও মাসকারার ছোঁয়া। গালে হালকা ব্লাশ, ঠোঁটে গ্লসি বাদামি লিপকালার আর হালকা হাইলাইটার—সব মিলিয়ে মেকআপে ছিল পরিমিত সৌন্দর্য ।

শ্যানেলের প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর অনন্যা পান্ডে। আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে তাঁর উপস্থিতি এবং তারুণ্যনির্ভর স্টাইলের কারণে প্রায়ই আলোচনায় আসে তাঁর পোশাক নির্বাচন। কখনো জমকালো পোশাকে, কখনো সাধারণ পোশাকের আধুনিক উপস্থাপনায় নিজের স্টাইলকে তুলে ধরেন এই অভিনেত্রী। এবারের কালো গাউনেও সেই পরিচিতির ছাপ স্পষ্ট।
ছবি: ইন্সটাগ্রাম