ওয়েস্টার্ন লুকে ভিনটেজ ছোঁয়া, নজর কাড়লেন পাওলি দাম
শেয়ার করুন
ফলো করুন

টালিউডের দাপুটে ও লাস্যময়ী অভিনেত্রীদের তালিকায় পাওলি দামের নাম থাকবেই। এভারগ্রিন বললেও ভুল হবে না তাঁকে। ৪৫–এ পা দিয়েছেন, অথচ তা বোঝার উপায় নেই। সাহসী চরিত্রে অভিনয়ের দক্ষতার পাশাপাশি এই বং ডিভার গ্ল্যামার ও স্টাইলিং বরাবরই নজর কাড়ে।

পাওলিকে যেমন শাড়িতে অনবদ্য লাগে, তেমনি পাশ্চাত্য পোশাকেও তিনি সমান স্বচ্ছন্দ। ছিপছিপে গড়ন, ডাগর চোখ আর লম্বা চুলে তাঁর সৌন্দর্য বারবার মুগ্ধ করে অনুরাগীদের। সম্প্রতি অভিনেত্রী ধরা দিয়েছেন অভিজাত এক ওয়েস্টার্ন লুকে।

এবার পাওলি বেছে নিয়েছেন অফ-হোয়াইট রঙের সিল্কি ফিনিশের একটি ঢিলেঢালা শার্ট। এই অনাড়ম্বর পোশাকের সঙ্গেই তিনি যোগ করেছেন রাজকীয়তার ছোঁয়া। গলায় কুন্দন কাজের ভারী চোকার নেকলেস, যেখানে সোনালি কারুকাজের সঙ্গে সবুজ পাথর ও মুক্তার ঝালরের সংযোজন নজর কাড়ছে। একই নকশার ঝুমকাও তাঁর সাজকে করেছে আরও আকর্ষণীয়।

বিজ্ঞাপন

চুল খোঁপা করে বাঁধা। খোঁপার ওপর জড়ানো প্যাস্টেল গোলাপি ও হালকা নীল রঙের পেইজলি নকশার কাপড়ের হেডব্যান্ড পুরো লুকে এনেছে আলাদা মাত্রা। এই ছোট্ট অনুষঙ্গই সাজে যোগ করেছে ভিনটেজ ও বোহো আবহ। মেকআপেও ফুটে উঠেছে পরিমিত সৌন্দর্য।

স্মোকি আই মেকআপ, শিমারি আইশ্যাডো, গালে সফট পিংক ব্লাশ এবং ঠোঁটে ন্যুড গোলাপি লিপস্টিক—সব মিলিয়ে তাঁর সাজ হয়ে উঠেছে ভারসাম্যপূর্ণ।

মিনিমাল পোশাকের সঙ্গে স্টেটমেন্ট গয়না আর নিখুঁত স্টাইলিংয়ে পাওলি দাম আবারও প্রমাণ করলেন, ফ্যাশনে আভিজাত্য প্রকাশ করতে সব সময় জাঁকজমকপূর্ণ পোশাকের প্রয়োজন হয় না; সঠিক স্টাইলিংই যথেষ্ট।

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৪: ০০
বিজ্ঞাপন