বয়স, উচ্চতা, ওজনের বাধা নেই, মডেল হওয়ার সুযোগ দিচ্ছে টুয়েলভ
শেয়ার করুন
ফলো করুন

বয়স, উচ্চতা, ওজন কিংবা শারীরিক গড়ন—প্রচলিত এসব সীমাবদ্ধতা ছাড়াই মডেল হওয়ার সুযোগ দিচ্ছে টুয়েলভ। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের (এএমটিসি) সমন্বয়ে আয়োজিত ‘ফেস অব টুয়েলভ’ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্য থেকে নতুন মুখ খুঁজে নেওয়া হবে। নির্বাচিত ব্যক্তিরা ব্র্যান্ডটির লিড মডেল হিসেবে কাজ করার সুযোগ পাবেন।

এ উদ্যোগে অংশগ্রহণের ক্ষেত্রে বয়স, লিঙ্গ, গায়ের রং, উচ্চতা, ওজন কিংবা শারীরিক গড়ন কোনো বাধা নয়। বরং গুরুত্ব দেওয়া হবে প্রত্যেকের নিজস্ব স্টাইল, ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসকে। যাঁরা আগে কখনো মডেলিং করেননি, এমনকি নিজেকে মডেল হিসেবে কল্পনাও করেননি, তাঁরাও অংশ নিতে পারবেন। ফ্যাশনকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তোলা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

বিজ্ঞাপন

টুয়েলভের চিফ অপারেটিং অফিসার মতিউর রহমান বলেন, ফ্যাশন ব্র্যান্ড হিসেবে তাঁরা এমন মানুষের মাধ্যমে পোশাক তুলে ধরতে চান, যাঁদের সঙ্গে ক্রেতারা নিজেদের মিল খুঁজে পাবেন। পোশাক দেখে ক্রেতাদের মনে যেন এই বিশ্বাস তৈরি হয় যে এসব পোশাক তাঁদের জন্যও উপযোগী।

‘ফেস অব টুয়েলভ’ উদ্যোগে নির্বাচিত মডেলদের সঙ্গে দুই বছরের এক্সক্লুসিভ চুক্তি করবে টুয়েলভ। এ সময়ে তাঁরা মাসিক বেতন পাবেন এবং ব্র্যান্ডটির বিভিন্ন প্রচারাভিযান ও পণ্যের ফটোশুটে অংশ নেবেন। পাশাপাশি পেশাগত দক্ষতা বাড়াতে আজরা মাহমুদের সরাসরি তত্ত্বাবধানে মডেলিং ও কনটেন্ট তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে। থাকবে গ্রুমিং ও ফিটনেস প্রশিক্ষণের সুযোগও। এ ছাড়া প্রতি মৌসুমে টুয়েলভের পক্ষ থেকে ফ্যাশনপণ্য উপহার পাবেন নির্বাচিত মডেলরা। তাঁদের নিজেদের পাশাপাশি পরিবারের সদস্যদের জন্যও থাকবে বিশেষ ছাড়ের সুবিধা।

বিজ্ঞাপন

এএমটিসির কর্ণধার আজরা মাহমুদ বলেন, এ উদ্যোগের মাধ্যমে নতুন মডেলরা নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন, যা তাঁকে আনন্দিত করেছে। নিজের সময়ে তিনি এমন সুযোগ পাননি বলেও জানান তিনি। বর্তমানে যাঁরা মডেলিংয়ে আসছেন, তাঁদের জন্য নিয়মিত কাজের সুযোগও সীমিত। দেশের বাইরে এ ধরনের উদ্যোগের চর্চা থাকলেও বাংলাদেশে এটি নতুন সংযোজন। টুয়েলভের বিশ্বাস, ফ্যাশন সবার জন্য। ‘ফেস অব টুয়েলভ’-এর মাধ্যমে সেই বিশ্বাসকে বাস্তবে রূপ দেওয়ার পাশাপাশি নতুন প্রতিভা খুঁজে বের করা, তাঁদের প্রশিক্ষণ দেওয়া এবং নিয়মিত কাজের সুযোগ তৈরি করতে চায় ব্র্যান্ডটি।

যেভাবে অংশ নেবেন

আগ্রহীরা অনলাইন নিবন্ধন ফর্মে প্রয়োজনীয় তথ্য পূরণ করে ‘ফেস অব টুয়েলভ’ উদ্যোগে অংশ নিতে পারবেন।

নিবন্ধন লিংক: https://forms.gle/K1QdPkY9ZKWLDnhZ7

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১৩: ৪৩
বিজ্ঞাপন