স্ক্যাপারেল্লির ভিনটেজ স্যুট পরে বিয়ে করলেন ডুয়া লিপা, লুকের ইন্সপিরেশন ১৯৭১ সালের
শেয়ার করুন
ফলো করুন

রোববার ৩১ মে লন্ডনের ঐতিহাসিক ওল্ড মেরিলেবোন টাউন হলের সিঁড়িতে উপস্থিত উচ্ছসিত সবার ছুড়ে দেওয়া কনফেটির মাঝে হাজির হন ডুয়া লিপা। তিনি পরেছিলেন ড্যানিয়েল রোজবেরির ডিজাইন করা স্ক্যাপারেল্লি ওত কতুরের একটি কাস্টম স্যুট, যার প্রতিটি খুঁটিনাটিই ছিল নজরকাড়া।

সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী ডুয়া লিপা ও অভিনেতা ক্যালাম টার্নার এই রোববার লন্ডনের ঐতিহাসিক ওল্ড মেরিলেবোন টাউন হলে একটি গোপন এবং অন্তরঙ্গ অনুষ্ঠানে বিয়ে করেছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আইভরি রঙের নিখুঁত কাটের ক্যাডি ব্লেজারটিতে আছে স্ক্যাপারেল্লির সিগনেচার সোনালি বোতাম। সঙ্গে দেখা যাচ্ছে স্কাল্পচারাল বাস্টিয়ার ঘিরে তৈরি অ্যাসিমেট্রিক স্কার্ট। বর্ডারে সূক্ষ্ম সাদা লেসের কাজ। সাজ সম্পূর্ণ করতে তিনি পরেছেন বিলাতি কায়দায় সাদা গ্লাভস, ক্রিশ্চিয়ান লুবুতাঁর পাম্পস। জুতার সামনের অংশে সোনালি সিংহের চোখের এমবেলিশমেন্ট।

গলায় আছে বুলগারির সার্পেন্ট নেকলেস আর মাথায় স্টিফেন জোন্সের ওভারসাইজড ভিন্টেজ ম্যাচিং হ্যাট। তাতে দেখা যাচ্ছে গোল্ডেন ইনার লেয়ার। আর ক্যালাম টার্নার এই বিশেষ দিনে পরেছেন ক্ল্যাসিক নেভি স্যুট, ম্যাচিং শার্ট ও টাই। সঙ্গে আছে কালো ড্রেস শুজ।

বিজ্ঞাপন

ফ্যাশনপ্রেমীদের কাছে কিন্তু এই লুকটি অচেনা মনে হওয়ার কারণ নেই। ১৯৭১ সালের মে মাসে, এক সময়ের বিখ্যাত ফ্যাশন আইকন বিয়াঙ্কা পেরেজ-মোরা মাসিয়াস সাঁ-ত্রোপেজে রোলিং স্টোন ব্যান্ডের ভোকাল, সঙ্গীত তারকা মিক জ্যাগারকে বিয়ে করেছিলেন ইভস সাঁ লরাঁর বিখ্যাত ‘লে স্মোকিং’ স্যুট পরে—যা ছিল নারীদের জন্য তৈরি প্রথম টাক্সিডো।

তিনি আইভরি রঙের জ্যাকেটটি পরেছিলেন ভেতরে কোনো কিছু ছাড়াই, মাত্র একটি বোতাম লাগানো অবস্থায়। এর সঙ্গে ছিল বায়াস-কাট সিল্কের স্কার্ট, ওপেন-টো স্যান্ডেল আর ওভারসাইজড হ্যাট। সে সময় এই লুকটি ছিল বিতর্কিত এবং সময়ের চেয়ে অনেক এগিয়ে। পরে এটি ইতিহাসের অন্যতম আলোচিত ও অনুকরণীয় ব্রাইডাল লুকে পরিণত হয়। আর ১৯৭১ সালের সেই আইকনিক ভিনটেজ লুককেই ডুয়া লিপা বেছে নিয়েছেন নিজের বিয়ের দিন।

পঞ্চান্ন বছর ব্যবধানে এই দুই তারকার দুটি লুক যেন একই নীরব বিদ্রোহের প্রতিচ্ছবি। করসেটের বদলে ব্লেজার, ঘোমটার বদলে টুপি, আর গাউনের বদলে স্যুট। স্টাইলিশ ও আত্মবিশ্বাসী কনের জন্য নিজের স্টাইল স্টেটমেন্ট তুলে ধরতে কখনোই ঐতিহ্যবাহী বিয়ের পোশাকের প্রয়োজন হয়নি; শুধু দরকার নিখুঁত টেইলরিং আর সেটি পরার সাহস।

বেশ কিছু প্রতিবেদন অনুসারে, বিয়েতে শুধুমাত্র কাছের পরিবার এবং বন্ধুদের উপস্থিতি ছিল। নতুন এই দম্পতির সম্পর্ক শুরু করেছিল ২০২৪ সালে এবং ২০২৫ সালে তাঁদের বিয়ের প্রতিশ্রুতি নিশ্চিত হয় এনগেজমেন্টের মাধ্যমে। জানা যাচ্ছে,লন্ডনের এই আনুষ্ঠানিকতা এই বিয়ে উৎসবের শুরু মাত্র। তাঁরা এই সপ্তাহে ইতালির সিসিলিতে একটি বিশাল বিয়ের অনুষ্ঠান করবেন ঘটা করে।

সূত্র: দ্য সান

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৩: ১৫
বিজ্ঞাপন