ডেনিমে মোড়ানো ঋতাভরীর ভালোবাসার গল্প
শেয়ার করুন
ফলো করুন

টালিউড সুন্দরীদের মধ্যে ঋতাভরী চক্রবর্তীর নাম আলাদা করে বলতেই হয়। তাঁর উপস্থিতিতে থাকে একধরনের স্বতঃস্ফূর্ত আবেদন, যা সহজেই নজর কাড়ে। দশম শ্রেণিতে পড়ার সময় ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন তিনি। স্টার জলসার এই ধারাবাহিক দিয়েই দর্শকের কাছে পরিচিত ও প্রিয় হয়ে ওঠেন কিশোরী ঋতাভরী। এরপর বড় পর্দায় একের পর এক সিনেমায় অভিনয় করে নিজের জায়গা আরও পোক্ত করেছেন।

৩৪ বছর বয়সেও তাঁর সৌন্দর্য ও আকর্ষণীয় উপস্থিতি মুগ্ধ করে ভক্তদের। প্রচলিত জিরো ফিগারের ধারণাকে তোয়াক্কা না করে নিজের মতো করে ফ্যাশনে আত্মবিশ্বাসী ঋতাভরী। শাড়ি থেকে পশ্চিমা পোশাক—সবকিছুতেই ফুটে ওঠে তাঁর স্বতন্ত্র স্টাইল।

বিজ্ঞাপন

নতুন এক ফটোশুটে পুরোপুরি ডেনিম লুকে ধরা দিয়েছেন ঋতাভরী। নীল ডেনিমের জ্যাকেট ও প্যান্টে তাঁর সাজে ফুটে উঠেছে ক্যাজুয়াল অথচ আবেদনময়ী এক মুড।

এই ফটোশুটে অভিনেত্রী বেছে নিয়েছেন ক্ল্যাসিক ‘ডেনিম-অন-ডেনিম’ স্টাইল। গাঢ় নীল হাই-ওয়েস্ট প্যান্টের সঙ্গে পরেছেন ওভারসাইজড জ্যাকেট।

বিজ্ঞাপন

জ্যাকেটের ভেতরে ন্যুড-সাদা রঙের মিনিমাল ব্রালেট উঁকি দিচ্ছে । পোশাকে ক্যাজুয়াল আবহ থাকলেও স্টাইলিংয়ে রয়েছে আবেদনময়তার ছোঁয়া।

জ্যাকেটটি কাঁধ থেকে সামান্য নামিয়ে অফ-শোল্ডার স্টাইলে পরেছেন তিনি। সব মিলিয়ে পরিচিত ডেনিমেও নিজের স্বতন্ত্র আবেদন ফুটিয়ে তুলেছেন টালি ডিভা ।

ডেনিমের রাফ অ্যান্ড টাফ আবহের সঙ্গে সামঞ্জস্য রেখে মেকআপে রেখেছেন স্নিগ্ধ ছোঁয়া। চোখে আইলাইনার ও মাসকারার সঙ্গে রোজ-পিঙ্ক আইশ্যাডো। ঠোঁটে ন্যুড-পিঙ্ক শেডের গ্লসি লিপস্টিক। সব মিলিয়ে মেকআপে ফুটে উঠেছে তাঁর স্বাভাবিক সৌন্দর্য। খোলা চুল ছেড়ে রেখেছেন ঢেউখেলানো স্টাইলে ।

ভারী জুয়েলারি এড়িয়ে কানে পরেছেন ছোট সোনালি হুপ ইয়ার রিং ও ইয়ার কাফ। আঙুলের আংটিও নজর কেড়েছে।

মিনিমাল গয়না আর সাধারণ স্টাইলিংয়েই ফুটে উঠেছে তাঁর রুচিশীল ফ্যাশন ভাবনা। পুরো লুকের সঙ্গে মানানসই ন্যুড রঙের পাম্প শুও বেছে নিয়েছেন তিনি। কখনো বসে, কখনো সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে—প্রতিটি ফ্রেমেই আলাদা অভিব্যক্তিতে ধরা দিয়েছেন অভিনেত্রী।

ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ঋতাভরী লিখেছেন, ‘ডেনিমে মোড়ানো এক ভালোবাসার গল্প। জীবনের এমন এক পর্যায়ে এসে পৌঁছেছি, যেখানে প্রতিটি ফটোশুটই ক্যামেরার সঙ্গে একেকটি প্রেমের গল্পের মতো মনে হয়। প্রতিটি ছবিতে যেন প্রতিফলিত হয় আমার আত্মার একেকটি অংশ। চোখও কথা বলে। পারলে পড়ে দেখো আমাকে, পারলে খুঁজে নাও আমাকে। পোশাক আর বাহ্যিক ভঙ্গিমার গণ্ডি পেরিয়ে দেখো, আমার ভেতরের মানুষটিকে খুঁজে পাও কি না। আমি তো সব সময়ই একটুখানি চোখাচোখির দূরত্বে।’

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৫: ০০
বিজ্ঞাপন