
প্রতিভাবান ডিজাইনার সাফিয়া সাথীর পোশাক প্রায়ই পরে থাকেন আমাদের দেশের জনপ্রিয় তারকারা। ব্রাইডাল পোশাক,পার্টি ওয়্যার, বা বিশেষ দিনের জন্য এক্সক্লুসিভ গাউনের ক্ষেত্রে ডিজাইনার সাফিয়া সাথী এক নির্ভরযোগ্য নাম।


কান চলচচ্চিত্র উৎসবে এই ডিজাইনারের লাল টুকটুকে ঝলমলে কাতান গাউনটিতে জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা যেন রীতিমতো জাদু ছড়াচ্ছেন। আর গর্বের ও ভালোলাগার বিষয় হচ্ছে, দেশি ডিজাইনারের বানানো এই হৃদয়ে কাঁপন ধরানো গাউনটির ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী বাংলাদেশি বিয়ের কাতান শাড়ি।
এই নিয়ে কথা হচ্ছিল সাফিয়া সাথীর সঙ্গে। তিনি জানালেন, শতভাগ দেশি কাপড়ের এই গাউনটি বানানো বেশ চ্যালেঞ্জিং ছিল তাঁর জন্য। আর এর জন্য তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী লাল বিয়ের কাতান শাড়ি বেছে নিয়েছেন। সীমিত সময়ের মধ্যে প্রায় ১৫ দিন ধরে দক্ষ কারিগরদের রাত-দিন অক্লান্ত পরিশ্রমের বদৌলতে বুনে শেষ করা সম্ভব হয়েছে এই নিখুঁত বুননের ঝলমলে সোনালি জরীর কারুকাজ করা লাল টুকটুকে শাড়িটি।


.jpg?w=640&auto=format%2Ccompress&fmt=webp)
এরপর মাপ নেওয়া, কাটিং, সেলাই ও ফিটিং করা হয়েছে সন্তর্পনে। কারণ এই গাউনটির আসল আবেদন এর চমৎকার ফিটিংয়ে। ওয়ান শোল্ডার গাউনটির আরেক দিকে পাফড ফুলস্লিভ। সেদিকে র্যাপ প্যাটার্নে কাতানের জমকালো পাড়টির বুদ্ধিদীপ্ত ব্যবহার করেছেন সাফিয়া সাথী।
আবেদনময় থাই স্লিট গাউনের সঙ্গে আঁচলের দিকটা লম্বা ট্রেনের মতো করে স্টিচিং করেছেন তিনি। পাড় আর আঁচলের জরীর কাজটি তাই অত্যন্ত নান্দনিকভাবে দৃশ্যমান। গয়না নির্বাচন করেছেন ভাবনা বেশ বুঝে শুনে। নজর কাড়ছে কানের লম্বা ঝুলের দুল, ব্রেসলেট আর এক পায়ের খাড়ু। এই গয়নাগুলো দেশীয় গয়নার উদ্যোগ ক্যানভাস থেকে নেওয়া। ঐতিহ্যবাহী আমেজের সঙ্গে সঙ্গে ফিউশনের ছোঁয়া থাকে তাঁদের সব কাজে। পায়ে লাল টুকটুকে স্টাইলিশ স্যান্ডেল পরেছেন ভাবনা।


মিনিমাল আপডু হেয়ারস্টাইল আর হালকা মেকআপেই অনন্যসুন্দরী লাগছে ভাবনাকে। লাল লিপকালার বেছে নিয়েছেন ভাবনা আর শিমারের ছোঁয়া আছে চোখে। তিনি বললেন, দেশের ডিজাইনারদের বানানো দেশি পোশাক পরেই তো আন্তর্জাতিক অঙ্গনে নিজের দেশের প্রতিনিধিত্ব করা উচিত। আর এ কথা বলাই যায়, সাফিয়া সাথীর ডিজাইনে শতভাগ দেশী ঐতিহ্যবাহী শাড়ি দিয়ে তৈরি চোখ ধাঁধানো কাতান গাউনে ভাবনার এই লুক বহুদিন মনে রাখবে সবাই।
ছবি: আশনা হাবিব ভাবনা