
২০১৬ সালে আলোচিত ধারাবাহিক ' খোকাবাবু' দিয়ে অভিনয়জগতে পথচলা শুরু তৃণা সাহার। এরপর একের পর এক জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকে কখনো মিষ্টি, কখনো প্রাণবন্ত চরিত্রে অভিনয় করে দুই বাংলার দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। ছোট পর্দার পাশাপাশি এখন ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী। তবে অভিনয়ের বাইরেও তৃণা ফ্যাশনপ্রেমীদের নজরে থাকেন তাঁর স্টাইলিংয়ের জন্য। সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশ করা নতুন ছবিগুলো যেন সেই কথাই আবার মনে করিয়ে দিল।


ছবির ক্যাপশনে তৃণা লিখেছেন, ‘শাড়িটা তার কাজ করেছে... বাকিটা আমি।’ কয়েকটি শব্দেই যেন ধরা পড়েছে পুরো ফটোশুটের আবহ।
এই লুকের সবচেয়ে বড় আকর্ষণ মনোক্রোম স্টাইলিং। মাথা থেকে পা পর্যন্ত একই রঙে সাজানো এই ফ্যাশনধারা অনেক দিন ধরেই জনপ্রিয়। তৃণাও বেছে নিয়েছেন কোবাল্ট ব্লু রঙের একটি শিফন শাড়ি। এর সঙ্গে মিলিয়ে পরেছেন একই রঙের ডিপ ভি-নেক স্লিভলেস ব্লাউজ।


গয়নার ক্ষেত্রে তৃণা অনুসরণ করেছেন ‘লেস ইজ মোর’ দর্শন। বড় সাদা মুক্তার দুলই পুরো সাজের একমাত্র মূল অনুষঙ্গ। এর সঙ্গে আঙুলে কয়েকটি স্টেটমেন্ট রিং ছাড়া আর কোনো ভারী গয়না নেই।

মেকআপেও রয়েছে মিনিমাল ছোঁয়া। নিখুঁত বেস, নরম গোলাপি ব্লাশ, বাদামি টোনের আইশ্যাডো আর ন্যুড ঠোঁট—সব মিলিয়ে সফট গ্ল্যাম লুক। চুল রাখা হয়েছে খোলা। বড় বড় ঢেউখেলানো কার্ল একপাশে ছড়িয়ে রয়েছে কাঁধ বেয়ে। কোথাও তিনি চুলে হাত দিয়েছেন, কোথাও হেসেছেন প্রাণ খুলে, আবার কোথাও ক্যামেরার দিকে তাকিয়েছেন স্থির দৃষ্টিতে।
ফটোশুটের আরেকটি নজরকাড়া বিষয় হলো ভিনটেজ গাড়ি। গাড়িটির সঙ্গে নীল শাড়ির রঙের বৈপরীত্য ছবিগুলোকে দিয়েছে সিনেমাটিক আবেদন।

মনোক্রোম সাজ যে একঘেয়ে না হয়ে বরং হতে পারে মার্জিত, আকর্ষণীয় এবং একই সঙ্গে সময়োপযোগী—তৃণা সাহার এই নীল শাড়ির লুক তারই একটি সুন্দর উদাহরণ। তাঁর ভাষাতেই বলা যায়, শাড়ি তার কাজ করেছে, আর বাকি জাদুটা করেছেন তৃণাই।
ছবি: তৃণার ইন্সটাগ্রাম