বোনের বিয়েতে লেহেঙ্গার স্নিগ্ধ সাজে মুগ্ধতা ছড়ালেন জাহ্নবী
শেয়ার করুন
ফলো করুন

বিয়ের সাজে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন ঘটাতে বরাবরই আলাদা জাহ্নবী কাপুর। এবার সৎবোন অংশুলা কাপুরের বিয়ের অনুষ্ঠানে আইভরি রঙের লেহেঙ্গায় নজর কেড়েছেন এই বলিউড অভিনেত্রী।

ডিজাইনার অনামিকা খান্নার নকশা করা বিশেষ এই পোশাকে ছিল আভিজাত্য, নিখুঁত কারুকাজ আর পুরোনো দিনের ফ্যাশনের এক মায়াবী ছোঁয়া।

বিজ্ঞাপন

জাহ্নবীর লেহেঙ্গাজুড়ে ফুটে উঠেছে গোলাপি ও সবুজ রঙের ফুল-পাতার নকশা।  ব্লাউজ, লেহেঙ্গা, ওড়না ও একটি বিশেষ নকশার ব্যাগ নিয়েছেন অভিনেত্রী।

ব্লাউজের গলার কাট হার্টশেপ বা হৃদয়াকৃতির। ছোট হাতার ব্লাউজ জুড়ে ফুটে উঠেছে মেটালিক এমব্রয়ডারি, সিকুইন ও পুঁতির সূক্ষ্ম কারুকাজ।

বিজ্ঞাপন

গলা ও বুকের অংশে বসানো গোলাপি ও সবুজ রঙের ফুলের অ্যাপ্লিকে আইভরি পোশাকে এনে দিয়েছে দারুণ বৈপরীত্য। লেহেঙ্গার ঘেরজুড়েও ছড়িয়ে ছিল একই ধরনের ফুল ও পাতার কারুকাজ।

অন্যদিকে, ওড়নার প্রশস্ত সোনালি পাড় পোশাকটির নকশায় যোগ করেছে আভিজাত্য। সঙ্গে ছিল অনামিকা খান্নার নকশা করা একটি বিশেষ ব্যাগও।

জাহ্নবীর সাজে বাড়তি রাজকীয়তা এনেছে পোলকি গয়না। গলায় ছিল ভারী নেকপিস, আর কানে দুলের সঙ্গে খোলা চুলের ভেতর দিয়ে নেমে এসেছে লম্বা মুক্তার লহরের কানের চেইন।

হাতে একাধিক চুড়ি, আংটি ও রতনচূড়। পোলকি, মুক্তা ও রঙিন পাথরের ব্যবহার আইভরি রঙের পোশাকের সঙ্গে তৈরি করেছে চমৎকার সমন্বয়।

মেকআপেও ছিল পরিমিতির ছাপ। মেগান কনসেসিও ও শুভ্রা শর্মার স্টাইলিংয়ে জাহ্নবীর সাজে ছিল পুরোনো দিনের ফ্যাশনের ছোঁয়া । মাঝখানে সিঁথি করে খোলা চুলে রাখা হয়েছিল হালকা ঢেউখেলানো কোঁকড়ানো ভাব। চুলের সঙ্গে জড়িয়ে থাকা কানের চেইন পুরো সাজে এনেছে অন্য রকম মাত্রা।

মেকআপে মিনিমাল আর ন্যাচারাল ছোঁয়া রেখেই গ্ল্যাম ফুটিয়ে তোলা হয়েছে। গালে হালকা গোলাপি ব্লাশ , চোখেও একই রঙের আইশ্যাডো আর মাশকারা ,  চোখে ন্যুড-গোলাপি লিপকালার। সব মিলিয়ে সাজটি ছিল স্নিগ্ধ, রোমান্টিক ও রাজকীয়।

আসন্ন বিয়ের মৌসুমে এমন সাজ থেকে অনুপ্রেরণা নিতে পারেন কনে ও অতিথিরা। এমনকি পরিবারের পুরোনো অর্গাঞ্জা বা যেকোনো শিয়ার শাড়ি ব্যবহার করেও তৈরি করা যেতে পারে লেহেঙ্গা। সঙ্গে যোগ করা যেতে পারে ঘেরওয়ালা  স্কার্ট। এতে পুরোনো পোশাকের পুনর্ব্যবহার যেমন হবে, তেমনি সাজেও আসবে নতুনত্ব ও আভিজাত্য।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৪: ০০
বিজ্ঞাপন