
সিনেমার থিমে শাড়ির ধারণাটি এখন আমাদের দেশে খুব নতুন নয়। এর আগে প্রথম 'হাওয়া' সিনেমায় কাস্টোমাইজড আর বিশেষায়িত শাড়ি পরেছিলেন অভিনেত্রী নাজিফা তুষি আর সেই সঙ্গে ভক্তরাও। 'পরান' ছবিরও শাড়ি করা হয়েছিল।

এরপর 'অপারেশন সুন্দরবন' সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া পরেছেন এর থিমে করা নজরকাড়া গাউন। সে ধারাবাহিকতায় সদ্য মুক্তিপ্রাপ্ত কাজল রেখা সিনেমার প্রমোশনে এর মূল চরিত্রে রূপদানকারী অভিনেত্রী পরেছেন এক চমকপ্রদ শাড়ি।
দেশের সুপরিচিত ডিজাইনার সাফিয়া সাথীর ডিজাইনের এই কাস্টোমাইজড শাড়িতে কালো শিয়ার ফেব্রিকের জমিনে সোনালি হাজারবুটির কাজ।

নজর কাড়ছে ব্লাউজের খোলা পিঠের ডিটেইলিং আর কাজল রেখা লেখাটি। পাড়েও কাজলরেখা লেখা। সঙ্গে ঐতিহ্যবাহী সাজে সেজেছেন মন্দিরা চক্রবর্তী।
সাবেকি হেয়ারস্টাইলে অভিরূপ শর্মার মেকওভারে অত্যন্ত আকর্ষণীয় লাগছেন এই সুন্দরী অভিনেত্রী। লাল নেলকালার আর হালকা লাল লিপকালার মানিয়েছে খুব তাঁকে। চুলে লাল গোলাপ।

কানে গলায় সোনালি গয়না। সব মিলিয়ে মন্দিরার এই বিশেষ থিমভিত্তিক শাড়ির লুকটি আসলেই নজর কাড়ছে সকলের।
ছবি: ইন্সটাগ্রাম