আলিয়া ভাটের দুবাই লুক: ন্যুড ড্রেসে ভিনটেজ ফ্যাশন
শেয়ার করুন
ফলো করুন

দুবাইয়ের রাতকে যেন নতুনভাবে সংজ্ঞায়িত করলেন আলিয়া ভাট। বরাবরের মতোই ফ্যাশনে সাহসী, পরীক্ষামূলক এবং নিখুঁত বাছাই—এবারও তার ব্যতিক্রম হলো না। স্বামী রণবীর কাপুরকে সঙ্গে নিয়ে দুবাইয়ের একটি বিশেষ লঞ্চ পার্টিতে হাজির হয়েছিলেন তিনি। আর তাঁর পরনে ছিল কিংবদন্তি মার্কিন ডিজাইনার বব ম্যাকির হাতে তৈরি আর্কাইভাল নেকেড বা ন্যুড ড্রেস’—যা সত্যিই শিল্পকর্মের মতোই মনকাড়া।

আধুনিকতার সঙ্গে ভিনটেজ গ্ল্যামারের মেলবন্ধন প্রকাশ পেয়েছে তাঁর এই সাম্প্রতিক লুকে।

বিজ্ঞাপন

আলিয়ার নেকেড ড্রেসে ভিনটেজ হলিউড গ্ল্যামারের ছোঁয়া

পুরো সাজে ছিল পুরোনো দিনের হলিউড গ্ল্যামারের আবেদন। আমেরিকার উচ্চ ফ্যাশনের ইতিহাসে বব ম্যাকি এমন একজন ডিজাইনার, যিনি নামী তারকাদের জন্য তৈরি করেছেন চোখধাঁধানো সব আউটফিট।

বব ম্যাকির ডিজাইন করা এ গাউনটি তৈরি হয়েছে ন্যুড স্ট্রেচ সিল্ক নেট দিয়ে, একধরনের ‘স্কিন ইলিউশন’ তৈরি করে বা ত্বকের মতো এফেক্ট দেয় দেখতে। এর ওপর হাতে অ্যাপলিক করা। বিডস ও সিকুইন দিয়ে সাজানো হয়েছে আগুনের শিখার মতো বাঁকানো প্যাটার্নে। এই পোশাকের ডিজাইনার ফ্যাশন–দুনিয়ায় পরিচিত ‘সিকুইনের সুলতান’ নামে, আর এ ড্রেসটি তারই প্রমাণ।

কলার, হাতা, বডি ও গাউনের উঁচু স্লিট—সবখানেই ঝলমলে আবেদন চোখে পড়ার মতো। আইভরি সিকুইন, সাদা-রুপালি টিউব বিডস আর জায়গায় জায়গায় বসানো ক্রিস্টাল রাইনস্টোন আলিয়ার লুকে এনেছে অসাধারণ বৈচিত্র্য। এর সঙ্গে আলিয়ার মেকআপ লুকও ছিল মানানসই।

চোখে হালকা কাজলের ছোঁয়া আর ন্যুড মেকআপ বেছে নিয়েছেন সুন্দরী। সঙ্গে করেছেন স্লিক বান হেয়ারস্টাইল, যা গাউনের ভিনটেজ গ্ল্যামারকে আরও উজ্জ্বল করেছে। মিনিমাল জুয়েলারিতে হাতে আংটি ও কানে ডায়মন্ড স্টাড দিয়ে আলিয়া পুরো সাজে রেখেছেন স্বচ্ছ ও নিখুঁত ভারসাম্য। সব মিলিয়ে তাঁর উপস্থিতি তাক লাগিয়েছে ফ্যাশনিস্তাদের।

ছবি : আলিয়ার ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৩: ৫৯
বিজ্ঞাপন