রেড হট লুকে বেবিডল সানি লিওন
শেয়ার করুন
ফলো করুন

বলিউডের গ্ল্যামার দুনিয়ায় নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন সানি লিওন। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতা ও সাহসী পোশাক নির্বাচনের জন্যও প্রায়ই আলোচনায় থাকেন তিনি। কখনো পশ্চিমা পোশাকে, কখনো আবার ঐতিহ্যবাহী সাজে ভক্তদের চমকে দেন এই অভিনেত্রী। এবার হট রেড লুকে ধরা দিলেন সানি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে তাঁর ঝলমলে উপস্থিতি নজর কেড়েছে।

সানির এবারের সাজের মূল আকর্ষণ লাল লেহেঙ্গা। এর সঙ্গে থাকা লম্বা ঘেরের স্কার্টটি পুরো সাজে এনেছে রাজকীয় আবহ। স্কার্টটি তৈরি লাল ভেলভেট কাপড়ে।  স্কার্টের সঙ্গে মিলিয়ে পরেছেন একই রঙের ব্রালেট ব্লাউজ। ব্লাউজ জুড়ে আছে লাল পুঁতি, সিকুইন ও সূক্ষ্ম সূচিকর্মের টোন অন টোন কাজ । নিচের অংশে সূক্ষ্ম ঝালর নকশায় যোগ করেছে বাড়তি মাত্রা।

ডিপ নেকলাইনের এই ব্লাউজের সঙ্গে কাঁধে যোগ করা হয়েছে স্বচ্ছ লাল নেটের কেপ। দুই পাশ দিয়ে লম্বা হয়ে পেছনে নেমে আসা কেপটি পুরো লুকে তৈরি করেছে নাটকীয় আবহ। এই সুন্দর লাল পোশাকটি তৈরি করেছে সৌনিয়া গোহিল ব্র্যান্ড।

বিজ্ঞাপন

পোশাকের সঙ্গে গয়না নির্বাচনেও বিশেষ নজর দিয়েছেন সানি। কানে পরেছেন ঝুলন্ত লাল পাথরের দুল। হাতে একাধিক আংটি, যার মধ্যে বড় লাল পাথর বসানো আংটিটি বিশেষভাবে চোখে পড়ে। সব মিলিয়ে গয়নার সাজে এসেছে আভিজাত্যের ছোঁয়া।

মেকআপেও রেখেছেন গ্ল্যামারের ছাপ। চোখে গাঢ় স্মোকি আইশ্যাডো, কালো আইলাইনার ও ঘন পাপড়িতে মাশকারার ছোঁয়া। ভ্রু পরিপাটি করে আঁকা। গালে হালকা কনট্যুর ও ব্লাশের আভা, ঠোঁটে ন্যুড-কোরাল গ্লসি লিপস্টিক। চুলে বড় বড় ঢেউখেলানো কার্ল তাঁর পুরো সাজে যোগ করেছে বাড়তি আকর্ষণ।

৪৫ বছর বয়সী সানির ক্যারিয়ারও বেশ বৈচিত্র্যময়। ২০১১ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর মাধ্যমে ভারতীয় বিনোদনজগতে পরিচিতি পান তিনি। পরের বছর ‘জিসম ২’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। এরপর একাধিক সিনেমা ও বিভিন্ন বিনোদনমূলক কাজে যুক্ত হয়েছেন। অভিনয়ের পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও কাজ করছেন তিনি। পশুপ্রেমী হিসেবেও পরিচিত সানি। নানা পরিচয়ের পাশাপাশি ফ্যাশন দুনিয়াতেও নিজের উপস্থিতি ধরে রেখেছেন এই অভিনেত্রী।

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০২: ৫৯
বিজ্ঞাপন