
লাল রং যে কতটা তীব্র, আকর্ষণীয় এবং রাজকীয় হতে পারে, নুসরাত ফারিয়ার এই লুক তারই প্রমাণ। রক্তিম আভার এই লুকে গ্ল্যাম ছড়াচ্ছেন অভিনেত্রী। তাঁর পরনে ডিজাইনার সাফিয়া সাথীর সিঁদুরলাল শাড়ি, যার জমিনজুড়ে সোনালি জরি ও সিকুইনের সূক্ষ্ম ফ্লোরাল কারুকাজ।

শাড়ির পাড়জুড়ে ঘন সোনালি নকশা; আর ফুল ও জ্যামিতিক মোটিফের সমন্বয়ে তৈরি হয়েছে এক রাজকীয় আবহ। ভারী কাজ করা আঁচলটি সামনে টেনে এনে নুসরাত যেভাবে স্টাইল করেছেন, তাতে শাড়ির কারুকাজ পুরোপুরি ধরা দিয়েছে নজরে।

এর সঙ্গে মানানসই লাল ব্লাউজ লুকটিকে করেছে আরও পরিপাটি ও সম্পূর্ণ।
গয়নায় বেছে নেওয়া হয়েছে সোনালি টোন, যেন শাড়ির কাজের সঙ্গে দারুণভাবে মিলে যায় । গলাজুড়ে লাল স্টোনের সোনালি চোকার পরেছেন সুন্দরী, কানে ম্যাচিং দুল।


এক হাতে কুন্দনের চুড়ি, অন্য হাতে সোনালি ব্রেসলেট, ঘড়ি ও ডায়মন্ডের আংটি—সব মিলিয়ে অলংকারে প্রকাশ পেয়েছে আভিজাত্যের ছাপ। গয়না ভারী হলেও তা লুককে ছাপিয়ে যায়নি; বরং শাড়ির সোনালি কাজের সঙ্গে মিশে তৈরি করেছে পরিমিত অথচ নজরকাড়া গ্ল্যামার।
মেকআপে নজর কাড়ছে নিখুঁত বেস। চোখে সোনালি আইশ্যাডো, টানা আইলাইনার ও মাশকারা দেওয়া, সুচারুভাবে আঁকা ভ্রু।

তবে এই সাজের মূল আকর্ষণ নিঃসন্দেহে রেড লিপ লুক—ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক দিয়েছেন শাড়ির সঙ্গে মিল রেখে। চুলে করেছেন সফট কার্ল। সব মিলিয়ে লাল শাড়ির সমকালীন গ্ল্যামারের ছোঁয়ায় অন্য রকম সুন্দর লাগছে নুসরাত ফারিয়াকে।


উৎসব, বিয়ে কিংবা বিশেষ আয়োজনে এই ধাঁচের শাড়ি ও স্টাইলিং সহজেই হতে পারে অনুপ্রেরণা। আর ফ্যাশনের সবচেয়ে বড় মূলমন্ত্র—আত্মবিশ্বাস; সেটিই তাঁর এই লুকের আসল অলংকার।
ছবি: নুসরাত ফারিয়ার ইন্সটাগ্রাম
শাড়ি: সাফিয়া সাথী
গয়না: ড্যাজল বাই সোনিয়া
ফটোগ্রাফি: রাকিব শিকদার