
মুম্বাই বিমানবন্দরে মেয়ে আরাধ্যা বচ্চনকে পাশে নিয়ে দেখা যায় ঐশ্বরিয়াকে। বরাবরের মতোই পরিমিত, অভিজাত এবং আত্মবিশ্বাসী উপস্থিতিতে তিনি বেছে নেন একটি চিরকালীন অল-ব্ল্যাক লুক।
এই স্টাইলিশ এয়ারপোর্ট লুকের জন্য ঐশ্বরিয়া পরেছিলেন ডিজাইনার ধ্রুব কাপুরের লেবেলের ফল/উইন্টার ২০২৬-২৭ কালেকশনের একটি ব্লেজার-প্যান্ট সেট। কালো ব্লেজারটিতে ছিল ঝলমলে ব্ল্যাক ফ্লোরাল বিডেড এমব্রয়ডারি, নচ ল্যাপেল কলার, প্যাডেড শোল্ডার এবং টেইলর্ড কাট। যা পুরো লুকে এনে দিয়েছে আধুনিক অথচ শক্তিশালী আবেদন। ব্লেজারের ভেতরে তিনি পরেছিলেন একটি কালো সাটিন টপস।
এর সঙ্গে ছিল মিড-রাইজ ওয়েস্ট ও ফ্লুইড সিলুয়েটের টেপার্ড প্যান্ট, যা লুকটিকে আরও পরিশীলিত করে তুলেছে।
অ্যাক্সেসরিজেও ছিল বিলাসী ছোঁয়া। ঐশ্বরিয়ার হাতে দেখা যায় গুচির ‘ডায়ানা ব্যাগ’, সঙ্গে সিগনোরিয়া বুটস। বাহুতে ঝোলানো কালো কোটটি ছিল লাভবার্ডস স্টুডিওর। পুরো লুকটি স্টাইল করেছেন বলিউডের পরিচিত সেলিব্রিটি স্টাইলিস্ট মোহিত রাই।
ঐশ্বরিয়ার কান উপস্থিতি বরাবরই ভারতীয় দর্শকদের কাছে বিশেষ আকর্ষণের বিষয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এয়ারপোর্টের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই উচ্ছ্বাসে ভেসেছেন ভক্তরা।
কেউ লিখেছেন, “দ্য কুইন হ্যাজ অ্যারাইভড।” আবার কারও মন্তব্য, “তিনিই ভারতের সত্যিকারের প্রতিনিধি।” অনেকেই অপেক্ষা করছেন, কান ২০২৬-এর রেড কার্পেটে এবার কোন ডিজাইনারের পোশাকে হাজির হবেন ঐশ্বরিয়া রাই।
রেড কার্পেটের আগে শুধু একটি এয়ারপোর্ট লুক দিয়েই তিনি যেন মনে করিয়ে দিলেন, স্টাইলের খেলায় তার উপস্থিতি এখনও সমান শক্তিশালী, সমান প্রতীক্ষিত।