মিন্ট গ্রিন শাড়িতে আলিয়ার স্বপ্নময় লুক
শেয়ার করুন
ফলো করুন

কিছু লুক শুধু ছবিতে সুন্দর লাগে না—মনেও একটা আবহ তৈরি করে রেখে যায়। আলিয়া ভাটের সাম্প্রতিক এই লুকটি ঠিক তেমনই।

চেন্নাইয়ের সোনালি বিকেলের আলোয়  আলিয়ার মিন্ট গ্রিন অর্গানজা শাড়ির উপস্থিতি তাঁর ফ্যশনিস্তা ভক্তদের মুগ্ধ করেছে । আলিয়ার ফ্যাশন সেন্স বরাবরই স্বতঃস্ফূর্ত। ট্রেন্ডের পেছনে ছুটে বেড়ান না তিনি; বরং মিনিমালিজম এবং সূক্ষ্মতার মধ্য দিয়ে নিজের স্টাইলকে গড়ে তোলেন।

রেড কার্পেট হোক বা ব্যক্তিগত মুহূর্ত—  তাঁর লুকে অতিরঞ্জন কখনো চোখে পড়ে না। এবার সেই দর্শনকে পূর্ণতা দিয়েছে জাদোঁ-এর মিন্ট গ্রিন শাড়িটি ।

বিজ্ঞাপন

অর্গানজার স্বচ্ছ ও হালকা ফ্যাব্রিক নিজেই একধরনের স্বপ্নিল আবহ তৈরি করেছে। শাড়ির জমিনে থাকা টোন অন টোন ফ্লোরাল এমব্রয়ডারি চমক যোগ করেছে।মেটালিক সিলভার সিকুইনের কাজগুলো মিনিমালিজমের মধ্যেই নিখুঁতভাবে তুলেছে রাজকীয়তা।

স্টাইলিংয়ে ভারতীয় স্টাইলিস্ট প্রিয়াঙ্কা কাপাডিয়া রেখেছেন ঐতিহ্য আর আধুনিকতার সুন্দর ভারসাম্য। ব্লাউজেও এসেছে সমসাময়িক টুইস্ট—ম্যাচিং সিল্কের স্লিভলেস ব্লাউজ, ডিপ নেকলাইন, ফ্রন্ট-ওপেন কাট—শাড়ির সঙ্গে সুন্দরভাবে ব্যালান্স করছে।

গয়নায় পরিমিতির সৌন্দর্য ফুটে উঠেছে আলিয়ার লুকে। স্টেটমেন্ট কুন্দন চোকারটি ডায়মন্ড ও জেমস্টোনে সাজানো, সঙ্গে ম্যাচিং দুল—সব মিলিয়ে পুরো লুকটিকে দিয়েছে এক রাজকীয় আভা।

অভিনেত্রী তাঁর সিগনেচার সফট গ্ল্যাম লুকেই ধরা দিয়েছেন। মেকআপে হালকা পিঙ্ক আইশ্যাডো, মাসকারা-কোটেড ল্যাশ, ব্লাশড চিকবোন, আর গ্লসি পিঙ্ক লিপ—সব মিলিয়ে ফ্রেশ, ডিউই ফিনিশ লুক ।

হেয়ারস্টাইলেও নরম আবহ—সেন্টার পার্টিং এবং সফট ওয়েভে খোলা তাঁর চুল।
ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে আলিয়া লিখেছেন, “গোল্ডেন আওয়ারের আলোয় ধন্যবাদ, চেন্নাই—এত ভালোবাসার জন্য।”

সত্যিই, গোধূলির এই আলোয় তিনি যেন একেবারে রূপকথার চরিত্র হয়ে উঠেছেন। ভক্তরাও থেমে থাকেননি; কেউ লিখেছেন “বিউটি”, আবার কেউ মজা করে বলেছেন, “এবার তাঁকে ডিজনি প্রিন্সেস হিসেবে কাস্ট করা উচিত!”

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৪: ০০
বিজ্ঞাপন