
জয়া আহসানের নতুন লুকে যেন ফুটে উঠেছে প্রস্ফুটিত গোলাপের কোমল সৌন্দর্য। বাংলাদেশি ফ্যাশন ব্র্যান্ড প্রেম কালেকশনের প্যাস্টেল শেডের ফ্লুইড আউটফিটে তিনি ধরা দিয়েছেন এক স্বপ্নিল আবহে।

লুকটির প্রধান আকর্ষণ এর লেয়ারড নকশা। সরু স্ট্র্যাপের ঢিলেঢালা টিউনিকের সঙ্গে একাধিক অ্যাসিমেট্রিক লেয়ার মিলে তৈরি হয়েছে ঢেউখেলানো সিলুয়েট।আর নেকলাইনে রুপালি সিকুইনের সূক্ষ্ম অলংকরণ যোগ করেছে আবেদন।

এই লুকে সবচেয়ে বেশি নজর কাড়ে রঙের ব্যবহার। ব্লাশ পিংক, বেবি পিংক, পিচ ও অ্যাপ্রিকট—গোলাপির বিভিন্ন প্যাস্টেল শেড ধাপে ধাপে মিলিয়ে তৈরি করা হয়েছে ফুলের পাপড়ির মতো কোমল গ্রেডিয়েন্ট।

কোথাও রং গাঢ়, কোথাও আবার খুবই হালকা; ফলে পুরো পোশাকে তৈরি হয়েছে প্রস্ফুটিত গোলাপের নরম আবহ। প্রায় মেঝে ছোঁয়া হালকা গোলাপি পালাজ্জো ওপরের লেয়ারগুলোর সঙ্গে সুন্দর ভারসাম্য তৈরি করেছে।
পোশাকের সঙ্গে জয়া আহসান বেছে নিয়েছেন বেগুনি-ল্যাভেন্ডার ক্রিস্টাল পাথর বসানো ঝুলন্ত দুল। হাতে হীরার ব্রেসলেট এবং আঙুলে স্টেটমেন্ট রিং। জুয়েলারি সাজকে ভারী না করে বরং পরিপূর্ণতা এনে দিয়েছে।

মেকআপ আর্টিস্ট সুমন গাঙ্গুলির ছোঁয়ায় তাঁর সাজ পেয়েছে আলাদা মাত্রা। সফট ডিউই বেস, মিনিমাল আই মেকআপ ও গ্লসি ঠোঁটের সাজ পুরো লুককে রেখেছে সতেজ ও ন্যাচারাল ।

সাইড পার্ট করে রাখা নরম ঢেউখেলানো খোলা চুল যোগ করেছে রোমান্টিক আবহ। নিজের এই ছবিগুলোর ক্যাপশনে জয়া লিখেছেন, ‘পূর্ণ প্রস্ফুটনে’। ক্যাপশনের মতোই তাঁর পুরো লুকে ধরা দিয়েছে প্রস্ফুটিত ফুলের কোমলতা ও স্বপ্নিল সৌন্দর্য।
ছবি: ইন্সটাগ্রাম