
বলিউড অভিনেত্রী সারা আলী খানের পোশাকের ধরনে যেমন রয়েছে নানা রঙের নিরীক্ষা, তেমনি আছে ঐতিহ্যবাহী পোশাকের প্রতি ভালোবাসা। কখনো রঙিন কুর্তা, কখনো জমকালো দেশি পোশাক, আবার কখনো আধুনিক কাটের পোশাকে দেখা যায় তাঁকে। উজ্জ্বল রং ও বাহারি নকশার পোশাকের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। তবে উৎসবের আয়োজনে জমকালো ঐতিহ্যবাহী পোশাকও বেশ স্বাচ্ছন্দ্যে পরেন তিনি। সবকিছুতেই তারুণ্য ও আভিজাত্যের সুন্দর সমন্বয় রাখেন এই অভিনেত্রী।

মনীশ মালহোত্রার নকশা করা লাল রঙের লেহেঙ্গায় সারা যেন দ্যুতি ছড়াচ্ছেন । একই রঙের মনোক্রম লুকে সাজলেও তাঁর উপস্থিতিতে ফুটে উঠেছে দারুণ আভিজাত্য। এই লুকের বিশেষ আকর্ষণ ব্লাউজ ও স্কার্টের নকশায়। ব্লাউজটি স্ট্র্যাপলেস, অর্থাৎ কাঁধে কোনো ফিতা নেই।


করসেট ধাঁচের এই ছোট ব্লাউজের সামনের অংশ প্লিট করা। সাধারণ ঘেরওয়ালা লেহেঙ্গার বদলে সারা পরেছেন হাই ওয়েষ্ট স্কার্ট। কোমরের কাছ থেকে শুরু হয়ে স্কার্টটি নিচের দিকে ছড়িয়ে পড়েছে। ওপরের অংশের ব্লাউজটি একরঙা হলেও স্কার্ট জুড়ে রয়েছে নিখুঁত কারুকাজ। সোনালি জরদৌসি ও সুতার সূক্ষ্ম কাজ করা হয়েছে। ফুল, স্থাপত্য ও জ্যামিতিক নকশার সমন্বয়ে নিচের অংশে ফুটে উঠেছে রাজকীয় আবহ।

সঙ্গে জুটি হয়েছে লাল ওড়না। এই পোশাকের সঙ্গে গলায় পরেছেন চোকার, সঙ্গে মানানসই কানের দুল, কাফ, ব্রেসলেট ও নজরকাড়া আংটি।


মেকআপে ছিল উজ্জ্বল ও স্নিগ্ধ আভা। চোখে শিমারি আইশ্যাডো ও কাজল, ঠোঁটে গোলাপি-বাদামি লিপকালার। কালো চুলগুলো মাঝ সিঁথি করে ছেড়ে রেখেছেন । সব মিলিয়ে স্ট্র্যাপলেস লাল পোশাকে উৎসবের সাজে আভিজাত্য ও আধুনিকতার সুন্দর সমন্বয় ঘটিয়েছেন সারা।

বিয়ের মৌসুমে ব্লাউজের নকশায় নতুন অনুপ্রেরণা হতে পারেন সারা আলী খান। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করেছেন এই বলিউড অভিনেত্রী। সেখানে তাঁকে দেখা গেছে নিখুর নকশা করা রঙিন লেহেঙ্গায়। পোশাকটি তৈরি করেছেন অভিনেত্রীর পছন্দের ডিজাইনার গোপী বৈদ।

এই আউটফিটের বিশেষ আকর্ষণ ছিল পেছন খোলা বা ব্যাকলেস ব্লাউজ। ছবির ক্যাপশনে সারা লিখেছেন, ‘আজ আমি আরামের পোশাকের বদলে একটু আড়ম্বরকেই বেছে নিলাম।’ বিয়ের দাওয়াত কিংবা কাছের কারও বিয়েতে কী ধরনের পোশাক পরবেন, তা নিয়ে যাঁরা ভাবছেন, তাঁদের জন্য সারার এই সাজ হতে পারে দারুণ অনুপ্রেরণা। সারার ব্লাউজটি বেগুনি রঙের। হল্টার নেকের এই ব্লাউজের নকশা গলার পেছনে আটকে থাকে।

পুরো ব্লাউজ জুড়ে শোভা পাচ্ছে নিখুঁত কারুকাজ। সোনালি জরি সুতার বুনন, সিকুইন, মিরর ও পাথরের মাধ্যমে ফুটিয়ে তোলা ফুলের নকশা। নিচে যোগ করা হয়েছে পুঁতির ঝালর। ব্লাউজের পেছনে আছে দুটি সরু ফিতা। এতে ঐতিহ্যবাহী লেহেঙ্গার সঙ্গে আধুনিক ও আকর্ষণীয় স্টাইলের মেলবন্ধন ঘটেছে। লেহেঙ্গার স্কার্টটিও ছিল বেশ নজরকাড়া। গোলাপি, বেগুনি ও সবুজ—তিনটি ভিন্ন রঙের কাপড়ের প্যানেল জুড়ে তৈরি করা হয়েছে এটি। রংগুলো আলাদা হলেও একসঙ্গে বেশ মানিয়ে গেছে। প্রতিটি অংশে আছে ফুলের নকশা, সুতার কাজ। পাশাপাশি মিরর ওয়ার্ক পোশাকটিতে যোগ করেছে বাড়তি ঝলক।

সারার সাজেও ছিল রাজকীয় আমেজ। মেকআপ আর্টিষ্ট প্রচি সিংয়ের পরিকল্পনায় সাজটি হয়ে উঠেছে আরও আকর্ষণীয়। হাতে পরেছিলেন স্টোন স্টাডেড বালা। কানে আকর্ষণীয় কাফ পরেছেন।

সারার মেকআপে প্রাধান্য পেয়েছে হালকা বাদামি রঙের আভা। চোখে ছিল স্মোকি মেকআপ, ঠোঁটে বাদামি লিপস্টিক। পোশাকের সঙ্গে মিল রেখে পুরো সাজে রাখা হয়েছে কোমল অথচ আভিজাত্যপূর্ণ আবহ। চুল পেছনে পরিপাটি করে উঁচু করে বাঁধা, তাই ব্লাউজের ব্যাকলেস নকশাটিও স্পষ্ট হয়ে উঠেছে।
ছবি: ইন্সটাগ্রাম