
এক বছর আগে মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তানজিয়া জামান মিথিলা। এবার সেই প্রতিযোগিতারই দেশীয় আসরে নতুন বিজয়ীর মাথায় মুকুট তুলে দিলেন তিনি। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মঞ্চে সামিরা খান মাহিকে বিজয়ীর মুকুট পরিয়ে দেওয়ার মুহূর্তটি ছিল বিশেষ।

তবে অনুষ্ঠানে শুধু এই দায়িত্ব পালন করেই নয়, নিজের চোখধাঁধানো লুকে সবার দৃষ্টি কেড়েছেন মিথিলা। তাঁর পরনে ছিল বরফ নীল রঙের এক ব্যতিক্রমী ইভনিং গাউন। যেন কল্পনার কোনো জগৎ থেকে উঠে আসা রাজকন্যা!
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের লুকের প্রকাশ করেন মিথিলা। ছবিগুলোর সঙ্গে লিখেছেন, ‘এই সাজ চিরকাল আমার সবচেয়ে প্রিয় হয়ে থাকবে।’ তাঁর এই গাউনটি তৈরি করেছে ভিয়েতনামের ফ্যাশন ব্র্যান্ড মিন তুয়ান। আউটফিটের নকশার প্রশংসা করে ব্র্যান্ডটির প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

গাউনটি আইস ব্লু। বরফের মতো শীতল নীলের সঙ্গে রুপালি ও হালকা ল্যাভেন্ডারের মিশেল পোশাকটিতে তৈরি করেছে মোহনীয় এক আভা। ডিজনির বিখ্যাত অ্যানিমেটেড সিনেমার রাজকন্যা এলসার থিমে তৈরি হয়েছে গাউনটি। আর তা ফুটে উঠেছে পুরো লুকেই।


তবে শুধু রং নয়, এর স্ট্রাকচার ও কারুকাজেও আছে বিশেষত্ব। শরীরের সঙ্গে আঁটসাঁটভাবে লেগে থাকা বডিহাগিং গাউনটি মারমেইড কাটের। নিচের অংশে ছড়িয়ে পড়া ফ্লেয়ার গাউনটিকে দিয়েছে নাটকীয় আমেজ।
শিয়ার ন্যুড ফেব্রিকের ওপর নীল, রুপালি ও ল্যাভেন্ডার রঙের পুঁতি, ক্রিস্টাল এবং ঝলমলে পাথর বসিয়ে তৈরি করা হয়েছে অলংকরণ। কোথাও ঢেউয়ের মতো, কোথাও আবার আঁকাবাঁকা রেখায় স্ট্রাকচার্ড ডিজাইন পুরো পোশাকে আলাদা আবেদন তৈরি করেছে।

গাউনটির নকশায় প্রচলিত সৌন্দর্যধারার বাইরে গিয়ে ফুটে উঠেছে কল্পনাপ্রবণ ও আধুনিক ভাবনা। দুই কাঁধের ওপর ডানার মতো স্ট্রাকচার এর অন্যতম আকর্ষণ।

স্বচ্ছ ন্যুড ফেব্রিকের ওপর পুঁতি ও পাথরের কারুকাজে তৈরি হয়েছে ঝলমলে আবহ। সামনের অংশে আছে প্লাঞ্জিং নেকলাইন। বুকের দুই পাশে নিখুঁতভাবে সাজানো অলংকরণ গাউনটির নকশায় যোগ করেছে বাড়তি শৈল্পিকতা।
কোমরের দুই পাশের কাটআউট নকশায় ব্যবহার করা হয়েছে একই শিয়ার ফেব্রিক। পোশাকটির আরেকটি আকর্ষণ এর লম্বা কেপ।

পেছন থেকে মেঝে ছুঁয়ে দুই পাশে ছড়িয়ে পড়া কেপটি নীলচে ল্যাভেন্ডার আভায় সাজানো। এর বর্ডার জুড়ে পালকের কাজ যোগ করেছে রাজকীয় এক আবহ।
দুই হাতে মিথিলা পরেছেন পোশাকের সঙ্গে রং মিলিয়ে নীলাভ পুঁতি ও পাথরের কাজ করা লম্বা গ্লাভস। মাথায় রুপালি ঝলমলে মুকুট, কানে লম্বা ঝুলন্ত দুল। মুকুটের সঙ্গে সামঞ্জস্য রেখে চুল পেছনে টেনে উঁচু করে স্লিক বান করেছিলেন মিথিলা।

চোখের সাজে গাঢ় আইলাইনার ও ঘন পাপড়ি, গালে গোলাপি আভা আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। তাঁর মেকআপ করেছেন জাহিদ খান ব্রাইডাল মেকওভার। নিজের পোস্টে মেকআপশিল্পীর কাজের প্রশংসাও করেছেন মিথিলা।

গত বছর মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুবাদে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান মিথিলা। এবার দেশের প্রতিযোগিতায় নতুন বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেওয়া তাঁর জন্য ছিল আরেকটি উল্লেখযোগ্য মুহূর্ত।

সেই সঙ্গে বরফ নীল গাউনের এলসা থিমের ব্যতিক্রমী নকশা এবারের মঞ্চে নিজের উপস্থিতিকেও স্মরণীয় করে রাখলেন তিনি।
ছবি: তানজিয়া জামান মিথিলার ইন্সটাগ্রাম