স্পাইডার ম্যান লুকে জেন্ডায়া
শেয়ার করুন
ফলো করুন

বহুল প্রতীক্ষিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ছবির প্রেস ট্যুর আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। আগামী ৩১ জুলাই মুক্তি পাবে মার্ভেলের এই ব্লকবাস্টার সুপারহিরো সিনেমা। মুক্তির এখনো এক মাসেরও বেশি সময় বাকি থাকলেও ছবির প্রধান দুই তারকা জেন্ডায়া ও টম হল্যান্ড ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন শহরে প্রচারণামূলক অনুষ্ঠানে অংশ নিতে শুরু করেছেন।

তবে প্রেস ট্যুরের শুরু থেকেই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন জেন্ডায়া। প্রতিটি প্রচারণায় তিনি হাজির হচ্ছেন ভিন্নধর্মী, বোল্ড এবং ফ্যাশন-ফরোয়ার্ড লুকে। কখনো ভিনটেজ আর্কাইভাল পোশাক, কখনো আবার হাই-ফ্যাশন ডিজাইনার পিস- সবকিছুর মধ্যেই তিনি রেখে চলেছেন নিজের স্বাক্ষরধর্মী স্টাইলের ছাপ। ফলে সিনেমার প্রচারণার পাশাপাশি ফ্যাশনপ্রেমীদের নজরও এখন তাঁর দিকেই।

এবার রোমে অনুষ্ঠিত প্রচারণামূলক আয়োজনে জেন্ডায়া হাজির হলেন স্পাইডার-ম্যানের চিরচেনা লাল-নীল রঙের অনুপ্রেরণায় তৈরি এক ঝলমলে আর্কাইভাল ভারসাচি লুকে। এটিকে নিঃসন্দেহে ‘মেথড ড্রেসিং’-এর একটি নিখুঁত উদাহরণ বলা যায়।

বিজ্ঞাপন

বর্তমানে কোনো সিনেমা বা চরিত্রকে ঘিরে প্রচারণার সময় সেই চরিত্রের ভাবনা, কালার প্যালেট বা নান্দনিকতাকে পোশাকে তুলে ধরার ট্রেন্ড বেশ জনপ্রিয়। তবে জেন্ডায়া বরাবরের মতোই সেই ধারণাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছেন।

তাঁর পোশাকের ওপরের অংশে আছে  গ্লিটারি লাল ক্রপড ট্যাঙ্ক টপ, আর বটমে লাল-নীল রঙের কালার-ব্লকড মিনি স্কার্ট। ঝলমলে কাপড়ে তৈরি এই টু-পিস সেটটি একদিকে যেমন রেট্রো গ্ল্যামারের আমেজ তৈরি করেছে, অন্যদিকে স্পাইডার-ম্যানের আইকনিক কস্টিউমের রঙকেও নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে ।

জেন্ডায়ার দীর্ঘদিনের স্টাইলিস্ট ল’ রোচ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, এই ঝলমলে পোশাকটি ইতালির বিখ্যাত ফ্যাশন হাউস ভারসাচির ১৯৯৭ সালের ফল/উইন্টার কালেকশন থেকে নেওয়া। ফ্যাশন ইতিহাসে এই সংগ্রহটির বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ এটি কিংবদন্তি ডিজাইনার জিয়ানি ভারসাচির জীবনের শেষ দিকের দিকের কিছু নকশার অংশ। পুরো কালেকশন জুড়েই ছিল ঝিকিমিকি কাপড়, এলিগ্যান্ট টু-পিস সেট, সাহসী কাট এবং গ্ল্যামারাস সিলুয়েটের আধিপত্য, যা আজও ভিনটেজ ফ্যাশনপ্রেমীদের কাছে সমানভাবে সমাদৃত।

রোমে স্পাইডার ম্যান - এর প্রচারণায় জেন্ডায়া তাঁর লুকটি সম্পূর্ণ করেন এক জোড়া সাদা স্টিলেটো হিল দিয়ে । কানে পরেছেন ডায়মন্ড স্টাড, হাতে ঘড়ি, আর সেজেছেন সফট ও মিনিমাল মেকআপ লুকে। বোল্ড শর্ট হেয়ারস্টাইলও নজর এড়ায়নি। তবে তাঁর পোশাকের মতোই আলোচনার কেন্দ্রে ছিল হাতের আংটি। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল, দীর্ঘদিনের প্রেমিক ও স্পাইডার-ম্যান তারকা টম হল্যান্ডকে গোপনে বিয়ে করেছেন জেন্ডায়া। সেই জল্পনায় নতুন করে ইন্ধন জুগিয়েছে তাঁর আংটি।

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৪: ০০
বিজ্ঞাপন