দক্ষিণ ভারতীয় কনের সাজে মেহজাবীনের নতুন লুক
শেয়ার করুন
ফলো করুন

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ব্রাইডাল ফটোশুটের ছবি ভাগ করে নিয়েছেন মেহজাবীন। ক্যাপশনে এই সাজের প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘তোমার কল্যাণী’।

অভিনেত্রীর ভাষায়, এই মেকওভার তাঁকে অন্য এক জগতে নিয়ে যায়। যতবারই সাজটি দেখেন, এর প্রতি ভালোবাসা ততই বাড়ে।মেকওভারটির দায়িত্বে ছিল গ্ল্যাম মেকওভার, আর স্টাইলিং ও পরিকল্পনায় ছিলেন নাজিফা তাবাসসুম।

বিজ্ঞাপন

মেহজাবীনের এই সাজের অন্যতম আকর্ষণ শাড়ি। চেনা লাল বেনারসির বদলে অভিনেত্রী বেছে নিয়েছেন দ্বৈত শেডের ঐতিহ্যবাহী সিল্ক শাড়ি।

শাড়ির মূল জমিনটি শিমারিং রোজ-গোল্ড বা হালকা তামাটে রঙের, যা আলোর প্রতিফলনে এক অপার্থিব দ্যুতি ছড়াচ্ছে। অন্যদিকে শাড়ির আঁচল ও পাড়ে ব্যবহার করা হয়েছে গাঢ় ভাইব্রেন্ট কমলার আভা, যাতে নিখুঁত সোনালি জরির কাজ ফুটে উঠেছে।

শাড়ির আভিজাত্যকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে মেহজাবীনের ব্লাউজের কাটিং। কমলা রঙের ম্যাচিং ফেব্রিক দিয়ে তৈরি করা হয়েছে ব্লাউজটি। এর মূল আকর্ষণ পাফ স্লিভ (ঘটি হাতা) ডিজাইন।

বিজ্ঞাপন

পুরো সাজে আভিজাত্যের ছোঁয়া এনেছে মেহজাবীনের গয়না। সাজের মূল আকর্ষণ ছিল সোনালি অ্যানটিক গয়না।

গলায় একাধিক স্তরের ভারী হার ও চোকার, কপালে টিকলি, কানে টানা দেওয়া ঝুমকা, নাকে ছোট নথ আর হাতে সোনালি ও কাচের চুড়ি—সব মিলিয়ে ফুটে উঠেছে রাজকীয় আমেজ।

হাতে রতনচূড়, বাজুবন্ধ, কোমরে বিছা এবং পায়ে সোনালি নূপুর সাজে যোগ করেছে ঐতিহ্যবাহী মাত্রা। চুলে শোভা পেয়েছে অর্ধচন্দ্রাকৃতির সোনালি ক্লিপ। একই ধাঁচের গয়নার ব্যবহারে পুরো সাজে তৈরি হয়েছে নান্দনিক সামঞ্জস্য।

জমকালো শাড়ি ও গয়নার সঙ্গে ভারসাম্য রেখে মেহজাবীনের মেকআপে রাখা হয়েছে স্নিগ্ধতা।

ম্যাট ফিনিশের বেস, গালে হালকা ব্লাশ আর চোখে সফট স্মোকি মেকআপ তাঁর সাজে এনেছে কোমল আভা। ঠোঁটে ন্যুড ও হালকা বাদামি-কমলা লিপকালার পুরো সাজের সঙ্গে মানিয়ে গেছে।

চুলের সাজেও আছে ঐতিহ্যবাহী সৌন্দর্যের ছোঁয়া। মাঝখানে সিঁথি করে পেছনে লম্বা বেণি করা হয়েছে। বেণিজুড়ে জড়িয়ে আছে শুভ্র বেলি ফুলের মালা বা গাজরা। এর ফাঁকে ফাঁকে বসানো সোনালি ছোট ছোট চুলের ক্লিপ গয়নার সঙ্গে তৈরি করেছে সামঞ্জস্য।

বেণি ও বেলি ফুলের এই মেলবন্ধনে মেহজাবীনের সাজে ফুটে উঠেছে সাবেকি আভিজাত্য, যা মনে করিয়ে দেয় দক্ষিণ ভারতীয় কনেদের ঐতিহ্যবাহী সাজের কথা। সব মিলিয়ে মেহজাবীনের ‘কল্যাণী’ রূপ ভক্তরা বেশ পছন্দই করেছেন।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৯: ৫৫
বিজ্ঞাপন