
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জর্জিনার এই উপস্থিতি ছিল বিশেষভাবে আলোচিত। ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে আগস্টে বিয়ের পর এটিই ছিল তাঁর প্রথম বড় রেড কার্পেট উপস্থিতি। তাই পোশাকেও ছিল সেই বিশেষ মুহূর্তের উপযোগী আত্মবিশ্বাস আর জাঁকজমকের ছাপ।

জর্জিনার পুরো লুকের ভিত্তি ছিল গাঢ় নীল গুচি স্যুট। শরীরের সঙ্গে মানানসই করে তৈরি করা ব্লেজারটির কাট ছিল বেশ ধারালো ও পরিপাটি। গভীর নেকলাইন ক্লাসিক টেইলরিংয়ের মধ্যে এনে দিয়েছে সাহসী আবেদন। একই রঙের মেঝে ছোঁয়া স্কার্ট সিলুয়েটকে করেছে আরও দীর্ঘ ও মার্জিত।

তবে গুচির এই নিখুঁত টেইলরিংয়ের পরও সত্যিকারের আলো কেড়েছে তাঁর গয়না। গলায় ছিল চোপার্ডের অসাধারণ ডায়মন্ড নেকলেস, যার কেন্দ্রে রয়েছে প্রায় ৫০ ক্যারাটের একটি ব্রিলিয়ান্ট-কাট ডায়মন্ড। এর সঙ্গে ছিল ঝলমলে কানের দুল ও আংটি। সব মিলিয়ে গয়নায় ব্যবহৃত ডায়মন্ডের পরিমাণ ২৫০ ক্যারাটেরও বেশি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গভীর নীল পোশাকের ওপর সাদা ডায়মন্ডের ঝিলিক যেন পুরো লুকটিকে এক লহমায় রাজকীয় করে তুলেছে।
গাঢ় নীলের নির্ভার পটভূমিতে ডায়মন্ডগুলো আরও উজ্জ্বল হয়ে উঠেছে। জর্জিনাও বুঝেছেন, এত বড় স্টেটমেন্ট নেকলেসের পাশে বাড়তি কিছু যোগ করার প্রয়োজন নেই।

পায়ে ছিল কালো গুচি পাম্পস, যা পুরো সাজকে রেখেছে পরিপাটি। চুল ছিল খোলা। মাঝ সিঁথির পর চুল পেছনে নামিয়ে দেওয়া হয়েছিল, যাতে মুখ ও গলার গয়না স্পষ্টভাবে নজরে আসে।

মেকআপেও ছিল সেই একই পরিমিতির ছোঁয়া। ম্যাট ফিনিশ বেস, হালকা কনট্যুর করা গাল, গাঢ় লাইনার ও স্মোকি আই মেকআপে চোখ পেয়েছে গভীরতা। গোছানো ভ্রু ও ঘন পাপড়ি চেহারায় এনেছে আরও তীক্ষ্ণতা। ঠোঁটে ছিল চকচকে ন্যুড শেড, যাতে মেকআপের বদলে স্বাভাবিকভাবেই নজর থাকে সেই দৃষ্টিনন্দন ডায়মন্ড নেকলেসে।

ভেনিসের রেড কার্পেটে যেখানে চোখ ধাঁধানো গাউনের ভিড়, সেখানে জর্জিনা দেখালেন অন্য পথেও সমানভাবে রাজকীয় হওয়া যায়। গভীর নীল গুচি, কালো পাম্পস, স্লিক চুল আর ২৫০ ক্যারাটেরও বেশি ডায়মন্ড নেক পিস। সব মিলিয়ে তাঁর এই সাজ ছিল আধুনিক গ্ল্যামারের সঙ্গে পুরোনো দিনের রাজকীয়তার এক দুর্দান্ত মিশেল।
ছবি: এএফপি