
দুর্গাপূজার আগেই টলিউডে শুরু হয়ে গেছে উৎসবের আমেজ। আর সেই আবহেই নিজের নতুন লুক দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন টলিউডের ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গাঙ্গুলী। সদ্য প্রকাশিত এক ফটোশুটে তাঁকে দেখা গেল একেবারে অন্যরকম মেজাজে। গ্ল্যামারাস, আত্মবিশ্বাসী এবং নিঃসন্দেহে বোল্ড শুভশ্রীর ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্তদের প্রশংসায় ভরে যায় সোশ্যাল মিডিয়া।

আর এই স্টাইল স্টেটমেন্ট যেন আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে তাঁর আসন্ন ছবি ‘দেশু’-কে ঘিরে। এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে দেব ও শুভশ্রীকে। অন্যতম জনপ্রিয় এই জুটির প্রত্যাবর্তন নিয়ে ইতোমধ্যেই দর্শকমহলে তৈরি হয়েছে উন্মাদনা।

ছবিগুলোতে শুভশ্রীকে দেখা যাচ্ছে একটি স্ট্র্যাপলেস কালো-সাদা গাউনে। পোশাকটির সুইটহার্ট নেকলাইনের করসেট বডিসে রয়েছে সূক্ষ্ম হ্যান্ড এমব্রয়ডারি। কপার গোল্ড, সিলভার আর সাদা মেটালিক সুতায় ফুটিয়ে তোলা হয়েছে প্রকৃতি-অনুপ্রাণিত পাতার নকশা, যা পুরো লুককে দিয়েছে রাজকীয় আবেদন। অন্যদিকে সাদা-কালো স্কার্ট অংশে আকর্ষণ কাড়ছে গাউনের টিউলিপ সিলুয়েট আর জ্যামিতিক গ্রিড প্যাটার্ন।

এই লুকের সবচেয়ে চোখে পড়ার মতো দিক হলো মিনিমাল স্টাইলিং। ভারী অলঙ্কার বা অতিরিক্ত সাজসজ্জার পরিবর্তে শুভশ্রী বেছে নিয়েছেন কম জুয়েলারি ও সফট গ্ল্যাম মেকআপ। ফলে তাঁর আউটফিটের সৌন্দর্যই হয়ে উঠেছে মূল আকর্ষণ। মুক্তার দুল এবং একটি স্টেটমেন্ট রিং পরেছেন শুধু। আর খোলা ঢেউখেলানো চুল তাঁর লুকে যোগ করেছে এক চিরন্তন আবেদন।
শুভশ্রীর এই ছবিগুলোর আলো-ছায়ার ব্যবহারও বিশেষভাবে নজরকাড়া। মজার বিষয় হলো, ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন মাত্র দুটি শব্দ— ‘ক্যাপশন লোডিং...’। কিন্তু ক্যাপশনের প্রয়োজনই যেন পড়েনি। ছবিগুলোই যেন বলে দিয়েছে সব কথা।

ভক্তরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মন্তব্যের ঘর। কেউ মুগ্ধ হয়েছেন তাঁর সৌন্দর্যে, কেউবা আত্মবিশ্বাসী উপস্থিতিতে। অনেকেই আবার তাঁর নিখুঁত স্টাইল সেন্সের প্রশংসা করেছেন।

ব্যক্তিগত স্টাইল, ভ্রমণ কিংবা পেশাগত জীবনের নানা মুহূর্ত নিয়মিতই সামাজিক মাধ্যমে ভাগ করে নেন শুভশ্রী। তবে সাম্প্রতিক এই লুকটি বিশেষভাবে নজর কেড়েছে ফ্যাশনপ্রেমীদের। আধুনিকতা ও এলিগ্যান্সের নিখুঁত মিশেলে তৈরি এই বোল্ড উপস্থিতি সহজেই জায়গা করে নিয়েছে অনুরাগীদের আলোচনায়।