প্যারিসের ফ্যাশন জাদুঘরে তাসনিয়া ফারিণের পোলকা ডট লুক
শেয়ার করুন
ফলো করুন

ফ্রান্সের রাজধানী প্যারিসে ঘুরতে গেলে আইফেল টাওয়ার কিংবা লুভর জাদুঘরের পাশাপাশি ফ্যাশনপ্রেমীদের তালিকায় থাকে আরেকটি বিশেষ ঠিকানা—প্যালে গ্যালিয়েরা (Palais Galliera)। প্যারিসের সরকারি ফ্যাশন জাদুঘর হিসেবে পরিচিত এই ঐতিহাসিক স্থাপত্যের সামনেই সম্প্রতি ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

কালো–সাদা পোলকা ডট পোশাকে যেন পুরোনো ফরাসি সিনেমার নায়িকাদের মতোই লাগছে তাঁকে।

ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘la folie.’ ফরাসি এই অভিব্যক্তির অর্থ, ভীষণভাবে, পাগলের মতো কিংবা উন্মাদনার পর্যায়ে। ছোট্ট এ বাক্যটিই যেন পুরো ফটো সিরিজে যোগ করেছে রোমান্টিক ফরাসি আবহ।

প্যারিসের ফ্যাশন জাদুঘরে

এই ছবিগুলোর লোকেশন প্যালে গ্যালিয়েরা। প্যারিসের ১৬তম অ্যারোঁদিসমঁ এলাকায় অবস্থিত এই ঐতিহাসিক ভবনটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাশন জাদুঘর। উনিশ শতকের শেষভাগে ইতালীয় রেনেসাঁ প্রভাবিত স্থাপত্যশৈলীতে নির্মিত এই জাদুঘরে সংরক্ষিত আছে কয়েক শতকের পোশাক, ওত কতুর, অ্যাকসেসরিজ ও ফ্যাশনের ইতিহাস।

তবে শুধু ভেতরের কালেকশনই নয়, বাইরের মার্বেলের স্তম্ভ, ভাস্কর্য, ফোয়ারা, পাথরের সিঁড়ি ও সবুজ বাগানও সমান আকর্ষণীয়। তাই ফ্যাশনপ্রেমী, আলোকচিত্রী ও ভ্রমণপিপাসুদের কাছে এটি শুধু একটি জাদুঘর নয়; বরং প্যারিসের অন্যতম জনপ্রিয় ফটোশুটের লোকেশন।

বিজ্ঞাপন

পোলকা ডটের চিরকালীন আবেদন

এই ফটোশুটের মূল আকর্ষণ কালো রঙের একটি পোলকা ডট ম্যাক্সি ড্রেস। ছোট ছোট সাদা ডট বহু দশক ধরেই ফরাসি ও ইউরোপীয় ফ্যাশনের এক কালজয়ী মোটিফ। ড্রেসটির লেস-ট্রিমড নেকলাইন ও ওপেন-ব্যাক ডিজাইন পুরো লুকে এনেছে আলাদা আবেদন।

স্টাইল ও আরামের নিখুঁত ভারসাম্য বজায় রাখতে ফারিণ বেছে নিয়েছেন কালো ব্যালে ফ্ল্যাটস, যা পুরো সাজের রেট্রো আবহকে আরও পরিপূর্ণ করেছে।

মিনিমাল স্টাইলিং

স্টেটমেন্ট পোশাকের সঙ্গে তিনি রেখেছেন মিনিমাল স্টাইলিং। গলায় একটি সোনালি নেকপিস, কানে ছোট স্টাড, হাতে আংটি—ব্যস, এতটুকুই। খোলা ঢেউ খেলানো চুল লুকে এনে দিয়েছে ন্যাচারাল সৌন্দর্য, আর কালো ক্যাট-আই সানগ্লাস যোগ করেছে রেট্রো গ্ল্যামের ছোঁয়া।

ইতিহাস আর ফ্যাশনের সুন্দর মেলবন্ধন

আজকের ফ্যাশনে শুধু পোশাক নয়, লোকেশনও হয়ে উঠেছে স্টাইলের গুরুত্বপূর্ণ অংশ। প্যালে গ্যালিয়েরার শতবর্ষী স্থাপত্য, শৈল্পিক ভাস্কর্য ও সবুজ বাগানের পটভূমিতে তাসনিয়া ফারিণের এই পোলকা ডট লুক যেন আরও জীবন্ত হয়ে উঠেছে।

বিজ্ঞাপন
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৪: ০২
বিজ্ঞাপন